স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ নভেম্বর: চলতি মরশুমে এএফসি কাপে প্রথম হারের স্বাদ পেল মোহনবাগান। মঙ্গলবার ঢাকায় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হার মোহনবাগানের। খেলার ফল সবুজ মেরুনের বিপক্ষে ১-২। গ্রুপের প্রথম পর্বের খেলায় ওড়িশা ও মাজিয়ার বিরুদ্ধে জয় পেলেও, এই দলের বিরুদ্ধে আটকে গিয়েছিল জুয়ান ফেরান্দোর ছেলেরা। অ্যাওয়ে ম্যাচেও বসুন্ধরার বিরুদ্ধে জয়ের খাতা খুলতে পারল না। এই হারের ফলে বসুন্ধরার কাছে গ্রুপের শীর্ষস্থানও হারাল মোহনবাগান।

এপার বাংলা ও ওপর বাংলার দুই প্রথম সারির ফুটবল ক্লাবের লড়াই। খেলাটি নিয়ে উন্মাদনা ছিল। মাঠের মধ্যেও সেই উত্তাপ ছড়িয়ে পড়ে। ঝামেলায় জড়াতে দেখা যায় দুই দলের ফুটবলারদের। হুগো বুমো, লিস্টন কোলাসো, শুভাশিস বসুরা তর্কাতর্কিতে জড়ালেন বসুন্ধরার ফুটবলারদের সঙ্গে। ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখায় বসুন্ধরার ফুটবলাররা। ৭ মিনিটের মাথায় বাংলাদেশের ক্লাবটি এগিয়ে যেতে পারত। ডোরিয়েলটনের শট মোহনবাগানের এক ফুটবলারের পায়ে লেগে জালে জড়িয়ে যাচ্ছিল। কোনওমতে বাঁচিয়ে দেন বিশাল কাইথ। ফিরতি বলে শট নেন সেই ডোরিয়েলটন। সেটাও বাঁচিয়ে দেন বিশাল। আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বসুন্ধরার কাছে। রোবিনহোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৭ মিনিটে খেলার গতির বিপরীতে গিয়ে এগিয়ে যায় মোহনবাগান। গোল করেন লিস্টন কোলাসো। এক্ষেত্রে বল ধরার ক্ষেত্রে ভুল করেছিলেন বসুন্ধরা গোলরক্ষক। ঘরের মাঠে প্রথমে গোল হজম করে আক্রমণে ঝাঁঝ বাড়ায় বাংলাদেশের ক্লাবটি। ২২ মিনিটের মাথায় সমতা ফেরানোর সুযোগ হারান ডোরিয়েলটন। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল সবুজ মেরুনের কাছেও। জেসন কামিংসের পরপর দুটি শট বাঁচান বসুন্ধরা গোলরক্ষক। প্রথমার্ধের অন্তিম লগ্নে বসুন্ধরার হয়ে সমতা ফেরান মিগুয়েল। বাঁ পায়ের দুরন্ত শটে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের গোলের ব্যবধান বাড়াতে তৎপর হয়ে ওঠে মোহনবাগান। ৫৭ মিনিটের মাথায় গোলের সুযোগ পান হুগো বুমো। তবে লক্ষ্যভেদ করতে পারেননি ফরাসি মিডফিল্ডার। গোলের সুযোগ এসেছিল সাহাল ও কামিংসের কাছেও। তবে ব্যবধান বাড়েনি মোহনবাগানের। দ্বিতীয়ার্ধের শেষে ঘরের মাঠে রাশ নিজেদের দখলে নেয় বসুন্ধরা। ধারাবাহিক আক্রমণের ফল পায় বাংলাদেশের ক্লাবটি। ৮২ মিনিটে পরাস্ত হতে হয় বিশালকে। ডোরিয়েলটনের পাস থেকে গোল করেন রোবিনহো। আর সমতা ফেরাতে পারেনি মোহনবাগান।

আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
এই গ্রুপের আর একটি ম্যাচে জয় পেয়েছে ওড়িশা এফসি। তারা হারিয়েছে মাজদিয়া এফসিকে। মালদ্বীপের মাঠে প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল সের্গিও লোবেরার ছেলেরা। দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত্যাবর্তন করে। ওড়িশার হয়ে গোল তিনটি করেন মুর্তাদা ফল, দিয়েগো মরিসিও ও রয় কৃষ্ণা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার