স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ নভেম্বর: বিশ্বকাপের (ICC World Cup 2023) মেগা ফাইনালের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। কাপ যুদ্ধের লড়াইয়ে অষ্ট্রেলিয়ার (Australia Cricket Team) মুখোমুখি হতে চলেছে ভারত (India Cricket Team)। আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। ইতিমধ্যে ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বাড়ছে উন্মাদনা। একে দেশের মাটিতে বিশ্বকাপের ফাইনাল দেখার সুযোগ। তার উপর ১১ বছর পর বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে। সূত্রের খবর এই ম্যাচকে কেন্দ্র করে চাঁদের হাট বসতে চলেছে আহমেদাবাদে। সেই তালিকায় হলিউড-বলিউডের তারকাদের পাশাপাশি হাজির থাকতে পারেন দেশের ও বিদেশের রাজনৈতিক নেতারাও। তারকাদের অভ্যর্থনা জানাতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার রোহিত শর্মা বনাম প্যাট কামিন্সদের লড়াইয়ের সাক্ষী থাকতে আমন্ত্রণ জানানো হল অস্ট্রেলিয়ার প্রাধনমন্ত্রী অ্যান্টোনি অ্যালবানিজকে (Anthony Albanese)। সূত্রের খবর বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই তাঁকে আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও থাকতে পারেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লসও। তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর মার্চে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া। আহমেদাবাদের মাঠে এই দুই যুযুধান দলের টেস্ট ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাধনমন্ত্রীকে। তাঁকে সঙ্গ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দুই বন্ধু দেশের প্রধানমন্ত্রীদের রবিবার ফের একবার একসঙ্গে দেখা যেতে পারে। ফাইনাল দেখতে উপস্থিত থাকতে পারেন দেশের আট রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। সূত্রের খবর হাজির থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকে। ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল দেশের প্রথম সারির এই শিল্পপতিকে।

আরও পড়ুন: মিলারের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার সামনে ২১৩ রানের টার্গেট রাখল দক্ষিণ আফ্রিকা
বিসিসিআইয়ের পক্ষ থেকে ফাইনালের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে দেশের দুই প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনিকে। বাকি ম্যাচগুলির মত মাঠে দেখা যাবে শচীন তেণ্ডুলকর-সহ ভারতীয় ক্রিকেটের বাকি কিংবদন্তীদের। সমাপ্তি অনুষ্ঠানে দর্শকদের মনোরঞ্জনের জন্য পারফর্ম করবেন বলিউড গায়ক প্রীতম। কয়েকদিন ধরে জল্পনা চলছিল বিখ্যাত ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার নামও। যদিও সূত্রের খবর তিনি হাজির হতে পারছেন না। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ভারতীয় বায়ুসেনার ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের’ শো।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার