স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ নভেম্বর: আইপিএলে চমক দিল কলকাতা নাইট রাইডার্স। দলের নতুন মেন্টর হিসেবে নিয়োগ করা হল গৌতম গম্ভীরকে। ক্রিকেটার গম্ভীরের নেতৃত্বে ২ বার আইপিএল জিতেছিল কেকেআর। কিন্তু তারপর খেলা থেকে সরে দাঁড়িয়েছিলেন গম্ভীর। সেই তিনিই আবার ফিরছেন নাইট শিবিরে। তবে ব্যাট হাতে নয়। এবার নাইট রাইডার্সের মেন্টর হয়ে ক্রিকেটের মাঠে প্রত্যাবর্তন করছেন প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন জেলে অসুস্থ হয়ে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক, নিয়ে যাওয়া হল এসএসকেএমে
প্রেস বিবৃতি দিয়ে বুধবার কলকাতা নাইট রাইডার্সের তরফে এই খবরে সিলমোহর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে হাত হাত মিলিয়ে কাজ করবেন গম্ভীর। ইতি পূর্বে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআর-এর জার্সিতে খেলেছেন গৌতম। এই সময় মোট ২ বার আইপিএল জিতেছে কেকেআর। ৫ বার প্লে অফে গিয়েছে শাহরুখ খানের দল। ২০১৪ সালে টি২০ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল গম্ভীরের দল। এবার দলের সফল অধিয়ানায়ককে মেন্টর হিসেবে ফেরালেন নাইট কর্তৃপক্ষ।

নিজের পুরনো দল ও শহরে ফিরতে পারায় উচ্ছ্বসিত গৌতম গম্ভীর। এক বিবৃতিতে তিনি নিজের উচ্ছাস ব্যক্ত করেছেন। তিনি বলেছেন,‘‘আমি আবেগপ্রবণ মানুষ নই। খুব বেশি কিছু আমায় নাড়া দেয় না৷ কিন্তু এই অনুভূতিটা সম্পূর্ণ অন্যরকম৷ যেখান থেকে জীবনের একটি অধ্যায় শুরু করেছিলাম সেখানেই ফিরে এলাম। আজ আমার গলা বুজে আসছে এবং হৃদয়ে আগুন জ্বলছে এটা ভেবে যে আমি আবার বেগুনি-সোনালি জার্সিতে ফিরতে চলেছি৷” এর সঙ্গে প্রাক্তন আইপিএল জয়ী নাইট অধিনায়ক যোগ করেন,“শুধু কেকেআরে ফিরছি না, ফিরছি সিটি অফ জয়৷ আমি ফিরছি। আমি ক্ষুধার্ত। আমি ২৩ নম্বর। আমি কেকেআর৷’’ ২২ গজ থেকে অবসরের পর রাজনীতিতে নাম লিখিয়েছেন গৌতম। গত কয়েকটি মরশুমে আইপিএলে লখনৌয়ের মেন্টর হিসেবে দেখা গিয়েছে তাঁকে। গত বছর বিরাট কোহলির সঙ্গে আইপিএলে তাঁর বিবাদ নিয়ে চর্চা কম হয়নি। এবার সেই গৌতমকে মেন্টর করার সিদ্ধান্ত নিয়েছে নাইট থিঙ্ক ট্যাঙ্ক।

গৌতমকে ফিরিয়ে কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খানও আনন্দিত। একটি বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘গৌতম সর্বদা আমাদের পরিবারের একজন থেকেছেন। আমাদের অধিনায়ক নতুন রূপে ফিরছেন দলের মেন্টর হয়ে।’’ পাশাপাশি শাহরুখ লেখেন,‘‘ওর অনুপস্থিতির টের আমরা পেয়েছি। আমরা মুখিয়ে রয়েছি রয়েছি চান্দু (চন্দ্রকান্ত পন্ডিত) স্যার এবং গৌতমের জুটির দিকে। যারা হারতে না জানা ও খেলোয়াড় সুলভ মানসিকতার জন্য পরিচিত। কেকেআরের জন্য ওরা ম্যাজিক তৈরি করবে৷’’গৌতমকে দলে স্বাগত জানিয়ে পোস্ট করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের সমাজমধ্যমের পাতায়।

গত কয়েক মরশুমে আইপিএলে সাফল্য নেই কলকাতার দলের। এবার তাঁদের প্রাক্তন সফল অধিনায়কের হাত ধরে কি আইপিএলে ঘুরে দাঁড়াতে পারবে কেকেআর? উত্তর মিলবে সময়ে।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত