স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ নভেম্বর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL2024) শুরু হতে বাকি এখনও প্রায় ৪ মাস। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসতে চলেছে আইপিএল নিলামের মেগা আসর। ইতিমধ্যে নিজেদের দল গোছাতে আসরে নেমে পড়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিরা। ক্রিকেটার ছাড়া ও ক্রিকেটার নেওয়ার লড়াইয়ে বড় চমক। অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ছাড়তে চলেছেন গুজরাট টাইটান্স (Gujrat Titans)। টি-২০ ফরম্যাটে গুজরাট ছেড়ে ভারতের অধিনায়ক হার্দিক ফিরতে পারেন তাঁর প্রাক্তন দল মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। বাড়ছে জল্পনা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু আগে চমক দিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। সব কিছু ঠিক থাকলে হার্দিক পান্ডিয়াকে নিজেদের দলে নিতে চলেছে তারা। জানা গিয়েছে, গুজরাট টাইটান্স থেকে প্রায় ১৫ কোটি টাকার বিনিময়ে নিজের দলে টানতে চাইছে মুকেশ আম্বানি, নীতা আম্বানির দল। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই খবরের সম্ভাবনার কথা স্বীকার করে নিয়েছে গুজরাটের একটি সূত্র। সেখানে দাবি করা হয়েছে, দুই দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে হার্দিকের দলবদল নিয়ে। যদিও এর থেকে বেশী কিছু বলতে রাজি হয়নি তাঁরা।

প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে নিজেদের ক্যারিয়ার শুরু করেছিলেন হার্দিক। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত প্রায় সাতবছর মুম্বইয়ের দলের হয়ে চুটিয়ে খেলছেন তিনি। যদিও ২০২২ সালের মেগা নিলামে তাঁকে দলে নিয়ে চমক দেয় গুজরাট টাইটান্স। সেবার প্রথম আইপিএলে আত্মপ্রকাশ ঘটে গুজরাটের এই দলের। শুধু হার্দিককে দলে নেওয়া নয়, তাঁকে অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়। তাঁর নেতৃত্বে অভিষেক মরশুমে আইপিএল খেতাব নিজেদের দখলে নেয় গুজরাট। দ্বিতীয় মরশুমে তাঁর নেতৃত্বে ফাইনালে পৌঁছয়। তবে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছিল। তবে তৃতীয় মরশুমে ফের গুজরাট ছেড়ে মুম্বইয়ে ফেরার সম্ভাবনা প্রবল হচ্ছে হার্দিকের।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে বাংলাদেশের বাঁধনহারা উল্লাস নিন্দাজনক
আগামী মাসের নিলামে সব কটি ফ্র্যাঞ্চাজিকে দল গঠনে বাড়তি পাঁচ কোটি টাকা খরচ করার অনুমতি দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। শোনা গিয়েছে এই মরশুমে প্রায় আট ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই। ফলে হার্দিককে নিজেদের দলে ফেরাতে অর্থের কোনও সমস্যা হবে না মুম্বইয়ের।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার