স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ নভেম্বর: কলকাতা নাইট রাইডার্সের ঘরে শেষবার আইপিএল খেতাব এসেছিল ৯ বছর আগে। তারপর থেকে আইপিএলে জুটেছে শুধু ব্যর্থতা। তবে ব্যর্থতার কালো মেঘ কাটিয়ে ফের স্বমহিমায় ফিরতে চাইছে কেকেআর। আগামী ১৯ ডিসেম্বরের নিলামের আগে দলে বিশাল রদবদল করতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের কর্তৃপক্ষ। মেন্টর হিসেবে নেওয়া হয়েছে গৌতম গম্ভীরকে। জানা গিয়েছে এবার বেশ কয়েকজন তারকাকে ছেড়ে দেওয়া হবে। কারা রয়েছেন সেই তালিকায় দেখে নেওয়া যাক…

প্রথমত, তিন বিশ্বকাপারে মোহভঙ্গ হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। জানা গিয়েছে এই তিনজনকে রাখতে ইচ্ছুক নয় আইপিএলের কলকাতা ফ্র্যাঞ্চাইজি। তাঁদের মধ্যে এক জন ভারতের। দু’জন নিউজ়িল্যান্ডের। তাঁরা হলেন শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন এবং টিম সাউদি। তবে দলে রেখে দেওয়া হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। গত মরশুমে ব্যাট এবং বল হাতে যিনি হতাশ করেছিলেন সমর্থকদের। তাঁকে দল থেকে বাদ দেওয়ারও জোড়ালো দাবিও উঠেছিল। তবে জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ়ের এই অভিজ্ঞ অলরাউন্ডারের উপর এখনও আস্থা অটুট কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষের।

আরও পড়ুন: IPL2024: আইপিএলে গুজরাট ছেড়ে কি মুম্বইয়ের পথে অধিনায়ক হার্দিক, তুঙ্গে জল্পনা
দলের রেখে দেওয়া ক্রিকেটারদের তালিকা ২৬ নভেম্বরের মধ্যে জানিয়ে দিতে হবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিকে। দলের জোরে বোলিং আক্রমণের খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা উমেশ যাদবকে রেখে দিলেও বিশ্বকাপ খেলা তিন জোরে বোলারকে রাখছে না কেকেআর। গত বছর নিলামে শার্দূলকে ১০ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। তাঁর থেকে অনেক প্রত্যাশা ছিল সমর্থকদের। বল হাতে ১১টি ম্যাচে তিনি নিয়েছিলেন ৭টি উইকেট। লর্ড শার্দূলের ব্যাট থেকে এসেছিল ১৬৮ রান। অলরাউন্ডার হিসাবে যা একেবারেই আশাপ্রদ নয়। দলের দুই বিদেশী লাকি ফার্গুসন ও টিম সাউদিও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৩ টি ম্যাচে ১টি উইকেট নিয়েছিলেন ফার্গুসন। ওভার প্রতি খরচ করেছিলেন ১২ রান। সাউদি দু’টি ম্যাচ খেলে ওভার প্রতি ১৩ রান খরচ করেছিলেন। এই তিনজনের আগামী মরশুমে কলকাতায় থাকা এবার প্রশ্নের মুখে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার