Home » রিঙ্কু সিং শুরু করেছেন কী?

রিঙ্কু সিং শুরু করেছেন কী?

সময় কলকাতা ডেস্ক, ২৭ নভেম্বর : একটা সময় ছিল আসমুদ্র হিমাচল তো বটেই, গোটা ক্রিকেট বিশ্ব মহেন্দ্র সিং  ধোনিকে ফিনিশার হিসেবে স্বীকৃতি দিয়েছিল।  ধোনি সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করে ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। অনেক ঝোড়ো ইনিংস খেলা ধোনির অবসরের পরে প্রশ্ন ছিল আবার ভারত কী একজন ফিনিশার পাবে যিনি ইনিংসের শেষদিকে মাথা ঠান্ডা রেখে দুরন্তভাবে দলকে নির্দিষ্ট লক্ষ্যে টেনে নিয়ে যাবেন। এরকমই এক মাহেন্দ্রক্ষণে উদয় হল এক তরুণের। ২০২২ সালের আইপিএলে এই ছোটখাটো চেহারার তরুণ কেকেআরের হয়ে ডেথ ওভারে ব্যাট হাতে   বুঝিয়ে দিলেন ভারতের হয়ে ফিনিশার হিসেবে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। তবুও প্রশ্ন ছিল। আইপিএলে সফল হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে সফল না হওয়ার কিছু দৃষ্টান্ত থাকায় প্রশ্ন ছিল। সফল হবেন তো তিনি? সুযোগের অপেক্ষায় ছিলেন নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা উত্তরপ্রদেশের তরুণ। সুযোগ আসতেই, ভারতীয় দলের সুযোগ পেতেই, দুহাতে সদ্ব্যবহার করতে শুরু করলেন তিনি। তিনি আর কেউ না, তিনি রিঙ্কু সিং। ইতিমধ্যেই রিঙ্কু সিং হয়ে উঠেছেন  অসম্ভব জনপ্রিয়। ভারতের আগামী দিনের তারকা হয়ে ওঠার সব উপাদানই মজুত তাঁর মধ্যে।

এখনও ক্যারিয়ার সবে শুরু। অবকাশই তৈরি হয়নি ধোনির সাথে তুলনার। তবুও বেশ আশা জাগিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন রিঙ্কু। সবচেয়ে বড় কথা সাতটি টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমেছেন রিঙ্কু, অভিষেক ম্যাচে আউট হওয়ার পরে আর আউটই করা যাচ্ছে না রিঙ্কুকে। ইতিমধ্যেই মোক্ষম সময়ে ৯ টি ছক্কা মেরেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজে তিনি ভয়ংকর হয়ে উঠেছেন।ঠান্ডা মাথায় খুন করছেন বিপক্ষের বোলিংকে। বিশাখাপত্তনমে শেষ ওভারে দলকে জিতিয়ে সাজঘরে ফেরেন রিঙ্কু । শেষ বলে ছয় ও মেরে ছিলেন তিনি, যা নো বল হওয়ায় জয়সূচক রান আগেই চলে আসে, সিক্সার তাই গ্রাহ্য হয়নি। তবে তিনি কী করতে পারেন তার ইঙ্গিত সেদিন রেখেছিলেন যেমনটা রেখেছেন তারপরের ম্যাচেও । রবিবার আরেকবার তিনি মারকাটারি ভঙ্গিতে শেষ কয়েকটি বল খেলে যান। তিরুবনন্তপুরমে ৯ বলে ৩১ অপরাজিত করে ২৬ বছর বয়সী রিঙ্কু সিং বুঝিয়েছেন ভারত  এক দুর্দান্ত ফিনিশার পেতে চলেছে । তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু যেভাবে করেছেন সেভাবে চলতে থাকলে তিনি সম্পদ হয়ে উঠতে চলেছেন ভারতীয় দলের আর বিপক্ষের ঘুম তিনি কেড়ে নিতে চলেছেন যেরকম ভবিতব্য গত আইপিএলে নামিদামি বোলারদের ক্ষেত্রে হয়েছে। ঘরোয়া ক্রিকেটে সফল তো ছিলেনই, ৫৭ -র অ্যাভারেজে রান করেছেন। বোলারদের মাথায় চেপে শাসন করাই তাঁর ব্যাটিংয়ের মূল কথা ও সাফল্যের রসায়ন। আইপিএলে ৩১ ম্যাচে ৭২৫ রান করেছেন ১৪২ এর স্ট্রাইক রেটে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়ে টি-টোয়েন্টি ম্যাচে ৭ ম্যাচে ৫৯ বলে সংগ্রহ করেছেন ১২৮ রান। ব্যাটিং গড় ১২৮। স্ট্রাইক রেট ২১৬ ছাড়িয়েছে। মর্নিং শোজ দ্যা ডে – প্রবাদ মাথায় রাখলে, বলা যেতেই পারে বিপক্ষের বোলারদের দুঃস্বপ্ন হতে চলেছেন ভারতের বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার রিঙ্কু সিং।

About Post Author