Home » সূর্যের ভারতীয় ব্রিগেড অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ৪৪ রানে

সূর্যের ভারতীয় ব্রিগেড অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ৪৪ রানে

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৭ নভেম্বর : টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে বিশাখাপত্তনামে টনটন উত্তেজনার মধ্যে ভারত ম্যাচ জিতেছিল। কিন্তু সেই ম্যাচে অস্ট্রেলিয়া দলে বিশ্বকাপ ফাইনালের কেউ ছিলেন না। রবিবার তিরুবনন্তপুরমে বিশ্বকাপ ফাইনালে খেলা কয়েকজন অজি দলে ছিলেন। ছিলেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, অ্যাডাম জাম্পা। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ৪৪ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। টি-টোয়েন্টি সিরিজে  বিশ্বকাপ ফাইনালের ভারতীয় দলের একমাত্র মুখ সূর্য কুমার যাদব, বিশ্বকাপ ফাইনালে যাই করুন না কেন, আগ্রাসী নেতৃত্ব দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ফলে এগিয়ে রাখলেন ভারতকে। ভারতীয় ব্রিগেড বাড়তি মনোবল নিয়ে সিরিজের তৃতীয় ম্যাচে যে নামবে তা বলাই বাহুল্য।

ভারতের প্রাক্তন ক্রিকেটাররা মানছেন, সূর্যের তরুণ ভারতীয় ব্রিগেড ব্যাটিং করছে চোখে পড়ার মত । বারবার চোখে পড়ছেন ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়াল এবং অবশ্যই দিন রিঙ্কু সিং। এদিন ঋতুরাজ গাইকোযাড়ও রান পেলেন। অর্ধশতরান করলেন ঈশান  কিষান। ব্যাটারদের মধ্যে দুরন্ত ওপেন করে ঝড়ের গতিতে ২৫ বলে ৫৩ রান করে যান যশস্বী।তবে ৯ বলের ৩১ রানের দুরন্ত ক্যামিও উপহার দিয়ে দর্শকদের মন জিতে নেন রিঙ্কু।অধিনায়ক সূর্য ও ১০ বলে ১৯ করেন। সবমিলিয়ে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান তুলে নেয় ভারত।

২৩৬ রানের লক্ষ্য নিয়ে  খেলতে নেমে শুরুটা মন্দ না করলেও স্পিন বোলিংয়ের সামনে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার। পঞ্চম উইকেটে দ্রুত রান তুলে জোরদার প্রতিরোধ গড়ে তোলেন মার্কাস স্টোইনিস ও টিম ডেভিড। রবি বিষ্ণইয়ের বলে টিম ডেভিড ফিরতেই অস্ট্রেলিয়ার মিডল ও লোয়ার মিডিল অর্ডারে ভাঙন শুরু হয়। মুকেশ কুমারের বলে স্টোইনিস ফিরতেই অস্ট্রেলিয়ার জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। ২৫ বলে ৪৫ রান করে অজি ইনিংসের সর্বোচ্চ অবদান রাখেন স্টোইনিস। তিনি আউট হওয়ার পরে অধিনায়ক ম্যাথু ওয়েডের চেষ্টায় শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯১ রান তুলতে সক্ষম হয় অজি দল। ভারতীয় বোলাররা প্রত্যেকেই সফল হন তবে বোলারদের মধ্যে সেরা ছিলেন রবি বিষ্ণই। তিনি ও প্রসিদ্ধ কৃষ্ণা  তিনটি করে উইকেট পান। অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং ও মুকেশ কুমার একটি করে উইকেট পান। ভারত ২-০ ফলে এগিয়ে থাকলেও টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া দলে দেখা যেতেই পারে ট্রাভিস হেডকে যিনি বিশ্বকাপ ফাইনালে একার হতে ভারতের আশাকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। তৃতীয় ম্যাচের ফলাফলের পাশাপাশি ভারতীয় ব্রিগেড তাঁর বিরুদ্ধে কী রণনীতি নেয় সেদিকেও চোখ থাকবে দর্শকদের।।

 

About Post Author