সময় কলকাতা ডেস্ক : বসুন্ধরা আগেই ধরাশায়ী করেছিল মোহনবাগানকে। বাংলাদেশের দলটির কাছে ঘরের মাটিতে ড্র আর বাংলাদেশে হেরে আশা টিমটিম করে জ্বলছিল মোহনবাগানের। সবুজ মেরুনের যেটুকু আশা অবশিষ্ট ছিল সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তার ওপরে রোলার চালিয়ে দিল ওড়িশা। নিজেদের ঘরের মাঠে চার গোল খাওয়ার লজ্জার পাল্টা হিসেবে সবুজ মেরুনকে ৫-২ গোলে হারাল ওড়িশা। একদা ঘরের ছেলে মনে হওয়া কৃষ্ণা আবার গোল দাগলেন মোহন জালে। পাঁচ গোল হওয়ার পেছনে কৃষ্ণার অবদান অনেকটাই। নিজে একটি গোল করলেন, দুটি গোল করালেন। যথারীতি দারুণ ভাবে চোখে পড়লেন আহমেদ জাহু।
বাংলার মাটিতে ওড়িশার কাছে পাঁচ গোল খাওয়ার লজ্জাজনক দিনে মোহনবাগানের কোচের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গেল। ক্লাবের একটি মহলের খবর, এএফসি কাপে তাঁর পাখির চোখ, এরকম বিবৃতিদানকারী ফেরান্দোর চাকরি এখন বাঁচলে হয়! পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে মোহনবাগানের এএফসি কাপ থেকে ছুটির ঘন্টা বেজেছে। এএফসি কাপের দক্ষিণ এশীয় গ্ৰুপ পর্বে পাঁচ খেলায় ১০ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। সমসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে ওড়িশা আগামী ম্যাচে বসুন্ধরাকে হারাতে পারলেই পরবর্তী পর্বে পৌঁছে যাবে। ম্যাচ ড্র হলেই বাজিমাত হবে বসুন্ধরার।
তবে দিনটা মন্দ শুরু করে নি সবুজ মেরুন। প্রথম আধঘন্টা না হতে বোঝাই যায় নি ছারখার হয়ে যাবে বাগান। পেত্রাতোস ও মনবীর না থাকলে কী হবে,খেলার শুরুতে একাধিক ভালো সুযোগ তৈরি করে মোহনবাগান। ১৭ মিনিটে গোল পান হুগো বুমোস। ৩০ মিনিটে গোল শোধ করে দেয় ওড়িশা। গোলদাতা রয় কৃষ্ণা। এরপরে ৩৯,৪২ মিনিটে আরও দুটি গোল করে ম্যাচের উপর পূর্ণ কর্তৃত্ব নেয় ওড়িশা। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার মরিয়া চেষ্টা করেছিল মোহনবাগান। কিয়ান নাসিরি একটি গোল শোধ করেও দেয়। কিন্তু খেলার শেষভাগে আরও দুটি গোল করে বাগানের লজ্জার ষোলোকলা পূর্ণ করেন আহমেদ জাহু, রয় কৃষ্ণা, অনিকেত যাদবরা।।
আরও পড়ুন বিদায় ‘এল টেল ‘, প্রয়াত খ্যাতনামা ফুটবলার ও ম্যানেজার টেরি ভেনাব্লেস


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে