স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ ডিসেম্বর: প্রিমিয়ার লিগে খারাপ সময় পিছু ছাড়ছে না ম্যাঞ্চেস্টার সিটির। পর পর তিন ম্যাচ ড্রয়ের পর এবার হারের মুখ দেখতে হল পেপ গুয়ার্দিওলার দলকে। বুধবার রাতে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে মুখোমুখি হয় গতবারের প্রিমিয়ার লিগ জয়ীরা। তবে খুব বেশী সুবিধে করতে পারেনি। প্রাধান্য নিয়ে খেলেই সিটিজেনদের হারাল উনাই এমরির ছেলেরা। খেলার ফল সিটির বিপক্ষে ০-১। খেলার একমাত্র গোলটি করেন লিও বেইলি। লিগের অন্য একটি খেলায় জয় পেয়েছে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে তারা হারিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে।

বল নিজেদের পায়ে রেখে আক্রমণ করে ম্যাঞ্চেস্টার সিটি। বার্সেলোনার কোচ থাকাকালীন এভাবেই নিজের দলকে প্রস্ত্তত করেন পেপ গুয়ার্দিওলার। বিপক্ষের ফুটবলাররা দাবি করেন পেপের দলের বিরুদ্ধে খেললে পায়ে বলই পাওয়া যায় না। সেই দলের বিরুদ্ধে দাপট দেখালেন অ্যাস্টন ভিলার ফুটবলাররা। পরিসংখ্যান বলছে গোটা ম্যাচে ৫৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিলেন সিটিজেনরা। তবে ভিলার গোল লক্ষ্য করে মাত্র দুটি শট নিতে পেরেছেন আর্লিং হাল্যান্ড, জুলিয়ান আলভারেজরা।

আরও পড়ুন: Premier League 2023-24: প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ লড়াইয়ে চেলসিকে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
উনাই এমরির ক্ষুরধার ফুটবল পরিকল্পনার কাছে বারবার আটকে গিয়েছেন নরওয়ের গোলমেশিন। বরং গতবারের ত্রিমুকুট জয়ীদের বক্সে বারবার আক্রমণ করে গিয়েছে ভিলার ফুটবলাররা। তারা মোট ২২ শট নিয়েছে সিটির গোল লক্ষ্য করে। যার মধ্যে লক্ষ্যে ছিল ৭ টি। তবে গোলের দেখা পায়নি। খেলার ৭৯ মিনিটে এগিয়ে যায় ভিলা। বক্সের বাইরে থেকে লিও বেইলির শট রুবেন ডিয়াজের পায়ে লেগে জড়িয়ে যায় জালে। সেই গোল আর শোধ করতে পারেনি সিটি। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রইল গুয়ার্দিওলা শিবির। সমসংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট পেয়ে তিন নম্বরে উঠে এল অ্যাস্টন ভিলা।

আরও পড়ুন: Premier League 2023-24: রুদ্ধশ্বাস ম্যাচে জয় আর্সেনালের, সংযুক্তি সময়ে গোল করে নায়ক রাইস
লিগের অন্য একটি খেলায় স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে তারা হারিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে। লিভারপুলের হয়ে গোল দুটি করেন ভার্জিল ভ্যান ডাইক ও ডমিনিক সোবোসলাই। এই জয়ের ফলে লিগ তালিকার দু’নম্বরে উঠে এল জুরেগন ক্লপের দল। লিগ শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান দুই।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার