Home » EPL2023-24: আর্সেনালকে হারিয়ে লিগ জয়ের দৌড়ে ‘জায়ান্ট কিলার’ অ্যাস্টন ভিলা

EPL2023-24: আর্সেনালকে হারিয়ে লিগ জয়ের দৌড়ে ‘জায়ান্ট কিলার’ অ্যাস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ ডিসেম্বর: প্রিমিয়ার লিগের ‘জায়ান্টস কিলার’। বর্তমানে এই নামে ডাকা হচ্ছে অ্যাস্টন ভিলাকে। কারণ পরপর দুই ম্যাচে তারা হারিয়েছে প্রিমিয়ার লিগে সব থেকে ধারাবাহিক দুই দলকে। গত সপ্তাহে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছিল অ্যাস্টন ভিলা। এবার লিগ শীর্ষে থাকা আর্সেনালকে হারিয়ে লিগ জয়ের দৌড়ে প্রবেশ করল তারা। শনিবার ভিলা পার্কে এমেরি ব্রিগেড জিতল ১-০ গোলে।

ভিলা পার্কে শনিবার ম্যাচের ৭ মিনিটেই পিছিয়ে পড়ে আর্সেনাল। ডান প্রান্ত দিয়ে বিপক্ষের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কাট-ব্যাক করেন লিও বেইলি। সেই বল প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে শরীর ঘুরিয়ে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন ম্যাকগিন। প্রথমার্ধে গোলের তেমন সুযোগই তৈরি করতে পারেনি আর্সেনাল। গোল পাওয়া তো দূরের কথা প্রথমবারের মতো ভিলার গোলমুখে শট নিতে আর্সেনালকে অপেক্ষা করতে হয় ৩২ মিনিট। তবে সেই দুর্বল শটে ভিলার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজকে পরাস্ত করার জন্য যথেষ্ট ছিল না। ৩৫ মিনিটে একটি সুযোগ পায় আর্সেনাল। আগুয়ান গোলরক্ষক মার্টিনেজের মাথার উপর দিয়ে বল চিপ করেছিলেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। বল জালে ঢোকার আগে বিপদ মুক্ত করেন দিয়েগো কার্লোস।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে গোল করেছিলেন সাকা। তবে সেই গোল অফসাইডের কারণে বাতিল হয়। কিছুক্ষণ পরে অ্যাস্টনের পক্ষে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন সেই ম্যাকগিন। তবে গোলরক্ষকের  দক্ষতায় রক্ষা পায় আর্সেনাল। খেলার শেষ বাঁশি বাজার সময় ম্যাচে সমতা ফেরানোর খুব কাছে চলে গিয়েছিল আর্সেনাল। গোল করেছিলেন কাই হ্যাভার্টজ। তবে সেই গোল হ্যান্ডবলের অভিযোগে বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত ওই এক গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভিলা। 

আরও পড়ুন: EPL2023-24: সালাহর ২০০ গোলের দিনে পিছিয়ে পড়েও দুরন্ত জয় লিভারপুলের, ঘরের মাঠে বিপর্যস্ত ইউনাইটেড

স্বাগতিকদের কাছে বদ্ধভূমিতে পরিণত হয়েছে বার্মিংহামের ভিলা পার্ক। কারণ গত সপ্তাহে এই মাঠে হারতে হয়েছে গতবারের প্রিমিয়ার লিগ জয়ী ম্যাঞ্চেস্টার সিটিকে। এবার এই মাঠে ধরাশায়ী হতে হল দুরন্ত ফর্মে থাকা আর্সেনালকে। এই ম্যাচ জিততে পারলে লিগ শীর্ষে ওঠার সুযোগ ছিল গানারদের। কিন্তু উনাই এমেরির দলের বিরুদ্ধে হেরে মাঠ ছাড়তে হল তাদের। আর্সেনালকে হারিয়ে লিগের লড়াই জমিয়ে দিল অ্যাস্টন।

About Post Author