Home » BUNDESLIGA2023-24: বুন্দেশলিগায় বড় অঘটন, ফ্রাঙ্কফুটে পাঁচ গোল হজম বায়ার্নের

BUNDESLIGA2023-24: বুন্দেশলিগায় বড় অঘটন, ফ্রাঙ্কফুটে পাঁচ গোল হজম বায়ার্নের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ ডিসেম্বর: জার্মানির প্রথম ডিভিশন লিগ বা বুন্দেশলিগায় বড় অঘটন। শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে পাঁচ গোল হজম করতে হল বায়ার্ন মিউনিখকে। ম্যাচের ফল গতবারের বুন্দেশলিগা চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-৫। খেলা শুরু হওয়ার ৬০ মিনিটের মধ্যে বায়ার্নের জালে পাঁচবার বল জড়ায়  ফ্রাঙ্কফুর্ট। একটি গোল করে বায়ার্নের হয়ে মুখরক্ষা করেন জোসুয়া কিমিখ। চলতি বুন্দেশলিগায় এই প্রথম হারের মুখ দেখল টমাস তুখেলের ছেলেরা।

১৯৭৫ সালে বায়ার্নকে ৬-০ গোলে হারিয়েছিল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। সেই ম্যাচে প্রথম ৬০ মিনিটের মধ্যে বায়ার্নের বিরুদ্ধে পাঁচটি গোল করেছিল তারা। তবে তারপর কেটে গিয়েছে অনেক বছর। বর্তমানে বায়ার্ন শাসন করছে জার্মান ফুটবল। গত ১১ বছরে একটানা এগারোবার বুন্দেশলিগা খেতাব জিতে আসছে বেকেনবাউয়ারের ক্লাব। এই মরশুমে তাদের লক্ষ্য দ্বাদশ খেতাব জয়। সেই লক্ষ্যে তারা সফল হবে কিনা সেটা সময় বলবে। তবে এই মরশুমে শুরুটা বেশ দাপটের সঙ্গে করেছে বায়ার্ন। প্রথম ১২ ম্যাচে অপরাজেয় ছিল দলটি। তবে শনিবার মরশুমে প্রথম হারের স্বাদ পেয়েছে। তাও সেই আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে। শুধু হার নয় হজম করতে হয়েছে গুনে গুনে পাঁচটি গোল। 

আরও পড়ুন: EPL2023-24: সালাহর ২০০ গোলের দিনে পিছিয়ে পড়েও দুরন্ত জয় লিভারপুলের, ঘরের মাঠে বিপর্যস্ত ইউনাইটেড

নিজেদের ঘরের মাঠে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। ১২ মিনিটে গোলের খাতা খোলেন ওমর মারমোশ। ৩১ মিনিটে ব্যবধান ২-০ করেন জুনিয়র দিনা এবিম্বে। ৩৬ মিনিটের মাথায় ফের গোল পায় ফ্রাঙ্কফুর্ট। এবারের গোলদাতা হুগো লারসন। প্রথমার্ধের শেষ মিনিটে বায়ার্নের হয়ে এক গোল শোধ দেন জসুয়া কিমিখ। বিরতির পরও আক্রমণের ধারা ধরে রাখে ফ্রাঙ্কফুর্ট। ৫০ মিনিটে ফের বায়ার্নের জালে বল জড়ায় তারা। বায়ার্ন ডিফেন্ডার দায়োত উপামেকানোর ভুল কাজে লাগিয়ে ফ্রাঙ্কফুর্টের চতুর্থ ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন ফরাসি মিডফিল্ডার এবিম্বে। এখানেই শেষ হয়নি। ৬০ মিনিটে  গোল করেন আনসগার নাউফও। ৫-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বায়ার্ন। গত ৪৮ বছরে ফ্রাঙ্কফুর্টই প্রথম দল যারা ম্যাচের প্রথম এক ঘণ্টায় বায়ার্নের জালে পাঁচ বার বল পাঠিয়েছে।

About Post Author