স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ ডিসেম্বর: প্রিমিয়ার লিগে ফের পয়েন্ট নষ্ট করল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ অমীমাংসিত শেষ করেছে পেপ গুয়ার্দিওলার দল। খেলার ফল ২-২। অন্যদিকে জয়ে ফিরল চেলসি। ঘরের মাঠে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারাল মরিসিও পচেত্তিনোর দল।

প্রিমিয়ার লিগে সময়টা সত্যি খারাপ যাচ্ছে ম্যানচেস্টার সিটির। টানা চার ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর গত ম্যাচে লুটনের বিরুদ্ধে জিতেছিল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। যদিও সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের পয়েন্ট নষ্ট করল তারা। শনিবার ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয়েছিল সিটি। শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে দেখা যায় জুলিয়ান আলভারেজ, ফিল ফডেনদের। খেলা শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যে আলভারেজের কোনাকুনি শট বাঁচিয়ে দেন প্যালেসের গোলরক্ষক। যদিও নিজেদের দাপট বজায় রাখে সিটিজেনরা। ১৬ মিনিটের মাথায় রড্রির দুরন্ত শট বিপক্ষের পায়ে লেগে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথম গোলের জন্য সিটিকে অপেক্ষা করতে হয় ২৪ মিনিট পর্যন্ত। ফডেনের ছোট থ্রু পাস ধরে বিপক্ষের জালে বলে জড়ান জ্যাক গ্রিলিশ। ১-০ গোলে এগিয়ে যায় সিটি। এরপর ব্যবধান বাড়ানোর আরও সুযোগ এসেছিল তাদের কাছে। তবে সেগুলি বিফলে যায়। ১ গোলের ব্যবধান রেখেই বিরতিতে যায় সিটিজেনরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের দাপট নিয়ে শুরু করে আকাশী জার্সিধারিরা। সাত মিনিটের মধ্যে গোল পেয়ে যেত তারা। অনবদ্য ফ্রিকিক থেকে গোল করেন আলভারেজ। তবে রড্রি অফসাইডে থাকার সময় বলটি স্পর্শ করার চেষ্টা করেছিলেন। সেকারণে অফসাইড দেন রেফারি। তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সিটিকে। ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। হাফ ভলিতে বল জালে পাঠান লুইস। ১৯ বছরের মিডফিল্ডারের লিগে এই প্রথম গোল। ৬৩ মিনিটে ফের ব্যবধান বাড়াতে পারত সিটি। তবে সেবারও রুখে দেন প্যালেস গোলরক্ষক।
আরও পড়ুন: দুরন্ত হিজাজি মাহের , মুম্বই সিটি এফসিকে আটকে সাতে উঠে এল ইস্টবেঙ্গল
বিপক্ষের ঘরের মাঠে পিছিয়ে পড়েও দমে যায়নি ক্রিস্টাল প্যালেসের ফুটবলাররা। ৭৬ মিনিটে একটি গোল শোধ করে তারা। প্রতি আক্রমণে উঠে গোলমুখে পাস বাড়ান জেফরি শ্লাপ। সেই পাসে পা ছুঁইয়ে গোল করেন মাতেতা। যদিও শেষ পর্যন্ত মনে হচ্ছিল জয় পেয়েই মাঠ ছাড়বে সিটিজেনরা। তবে দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে মারাত্মক ভুল করে বসেন ফডেন। প্যালেসের ফরওয়ার্ড মাতেতাকে বক্সের মধ্যে ফাউল করেন তিনি। পেনাল্টি পায় প্যালেস। নিখুঁত স্পট কিকে খেলায় সমতা ফেরান ওলিসে। এই ম্যাচ জিতলে লিগ টেবিলে দুইয়ে ওঠার সুযোগ ছিল সিটির। ১৭ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

লিগের অন্য একটি খেলায় জয় পেয়েছে চেলসি। ঘরের মাঠে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধের পর খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের চাপ বাড়ায় চেলসি। ৫৪ মিনিটে এগিয়ে যায় তারা। কোল পালমারের গোলে এগিয়ে যায়। এর সাত মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে লন্ডনের ক্লাবটি। গোল করেন নিকোলা জ্যাকসন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার