স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ ডিসেম্বর: আই লিগে এই মরসুমে নিজেদের অপরাজিত তকমাটি ধরে রাখল মহামেডান স্পোর্টিং। রবিবার গোয়ায় চার্চিলের বিরুদ্ধে ড্র করল সাদা কালো ব্রিগেড। খেলার ফল ০-০। ম্যাচ ড্র হলেও আই লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রইল আন্দ্রে চের্নিশভের দল।

চলতি আইলিগে দুরন্ত ফর্মে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। গত ম্যাচে পঞ্জাব গিয়ে নামধারীর বিরুদ্ধে সহজ জয় পেয়েছিল তারা। তারপর লুধিয়ানা থেকে সরাসরি গোয়ার উদ্দ্যেশ্যে রওনা দেন আন্দ্রে চের্নিশভের বাহিনী। রবিবার সেখানে তারা মুখোমুখি হয় লিগ জয়ের অন্যতম দাবিদার চার্চিল ব্রাদার্সের। তবে গত ম্যাচে যে আক্রমণাত্মক সাদা কালো বাহিনীকে দেখা গিয়েছিল। রবিবার সেটা দেখা যায়নি। বরং অনেক বেশি মেপে খেলল কলকাতার এই প্রধান। গোল না করতে পারলেও, গোল হজম না করা ছিল প্রাথমিক লক্ষ্য। সেই লক্ষ্যে সফল মহামেডান। যদিও খেলার দুই অর্ধে দুই দল বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল। সেগুলি কাজে লাগাতে পারলে খেলার ফল কোনও একটি দলের পক্ষে যেতে পারত।

খেলার ৭ মিনিটে গোল লক্ষ্য করে দূরপাল্লার শট নেন মির্জালল কাসিমোভ। বলটি নিশানায় থাকলে পরীক্ষার মুখে পড়তে হত চার্চিলের বাঙালি গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরীকে। খেলার ২২ মিনিটে সেই পরীক্ষাও দিয়েছিলেন অভিজ্ঞ শুভাশিস। আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেক্সিস গোমেসের বাঁক খাওয়ানো শট অনবদ্য দক্ষতায় বাঁচিয়ে দেন। দুই দলের আক্রমণ প্রতি আক্রমণ বিপক্ষের বক্সের মধ্যে এসে নিরস্ত হয়ে যায়। এই মরসুমে নজর কাড়লেও চার্চিলের বিরুদ্ধে বিশেষ কিছু করতে পারেননি এডি হার্নান্দেজ।

আরও পড়ুন: Premier League: অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ড্র লিভারপুলের, লিগ শীর্ষে আর্সেনাল
দ্বিতীয়ার্ধে খেলায় কিছুটা কৌশলগত পরিবর্তন করেন মহামেডান কোচ। নিষ্প্রভ এডিকে তুলে নামান ডেভিডকে। আঙ্গুসানার পরিবর্তে মাঠে নামানো হয় হুয়ান নেল্লারকে। কলকাতা লিগ ও ডুরান্ড কাপের সর্বোচ্চ গোলদাতা ডেভিড। ময়দানের জোর গুঞ্জন নতুন বছরে নাকি দলবদল করতে চলেছেন তিনি। সাদা কালো তাঁবুকে বিদায় জানিয়ে যোগ দেবেন লাল হলুদে। তবে চার্চিলের বিরুদ্ধে তিনি গোল করতে পারলেন না। দুটি সুযোগ এসেছিল তার কাছে। ৫৭ মিনিটে ডেভিডের শট চলে যায় ক্রসপিসের উপর দিয়ে। ৬১ মিনিটে আদিঙ্গার ক্রস থেকে দুর্বল হেড নেন। যা জমা পড়ে শুভাশিসের হাতে। ৬৪ মিনিটে মাঠে নামেন বেনস্টন ব্যারেটো। গত ম্যাচে ব্যারেটোর গোলই জয় পেয়েছিল মহামেডান। তবে এই ম্যাচে দলের ত্রাতা হয়ে উঠতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধে আয়োজক দলও সুযোগ পেয়েছিল। তবে মহামেডানের রক্ষণ জমাট থাকায় বিপদ হয়নি।
একদিকে যখন মহামেডান গোয়ায় মুখোমুখি হয় চার্চিলের। তখন কল্যাণী স্টেডিয়ামে নামধারী এফসি মুখোমুখি হয়েছিল ট্রাউয়ের। গত ম্যাচে মহামেডানের বিরুদ্ধে হারলেও এই ম্যাচে জয় পেয়েছে পঞ্জাবের নামধারী। খেলার ফল ২-১। পঞ্জাবের দলের হয়ে দুটি গোল করেন সৌরভ ভানওয়ালা এবং মনবীর সিং। ট্রাউয়ের একটি গোল শোধ করেছিলেন দানিশ আরিবাম।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার