Home » Premier League: অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ড্র লিভারপুলের, লিগ শীর্ষে আর্সেনাল

Premier League: অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ড্র লিভারপুলের, লিগ শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ ডিসেম্বর: জমজমাট প্রিমিয়ার লিগ। রবিবার একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল ইংল্যান্ডের হেভিওয়েট দলগুলি। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ডার্বিতে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। যেই ম্যাচ জিতলে লিগের শীর্ষ স্থান ধরে রাখতে পারত লিভারপুল। অন্যদিকে শীর্ষ স্থানে ওঠার লড়াইয়ে মাঠে নামে লন্ডনের ক্লাব আর্সেনাল। তাদের প্রতিপক্ষ ব্রাইটন। কোন দল জিতে প্রিমিয়ার লিগ জয়ের আরও কাছে পৌঁছে গেল? কোন দলের সুযোগ হাতছাড়া হল? দেখে নেওয়া যাক।

গত মরসুমে অ্যানফিল্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭ গোল মেরেছিল লিভারপুল। এই মরসুমে ছন্দহীন ইউনাইটেডকে ফের বড় ব্যবধানে হারানোর উদ্দ্যেশ্যে মাঠে নেমেছিল জুরেগন ক্লপের ছেলেরা। অপরদিকে গত ম্যাচে ঘরের মাঠে বর্নমাউথের বিরুদ্ধে ০-৩ গোলে হার মানতে হয়েছিল এরিক টেন হ্যাগের দলকে। এই ম্যাচে প্রত্যাবর্তনের আশায় ছিলেন ম্যান ইউ সমর্থকরা। যদিও ঘরের মাঠে শুরু থেকে দাপুটে ফুটবল খেলে লিভারপুল। শুরু থেকে একের পর এক আক্রমণ তুলে আনছিলেন ডারউইন নুনেজ, মহম্মদ সালাহরা। প্রথমার্ধের বেশির ভাগ সময় রক্ষণ সামলাতে কেটে গেল ইউনাইটেডের। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লিভারপুলের সব আক্রমণ প্রতিরোধ করছিলেন ভ্যারান, আমরাবাত, ওনানারা। দ্বিতীয়ার্ধেও চিত্রটা পাল্টায়নি। তবে দ্বিতীয়ার্ধে কয়েকবার প্রতি আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছিল ইউনাইটেড। কার্ডের জন্য এই ম্যাচে খেলতে পারেননি ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধের শেষদিকে অখেলোয়াড় সুলভ আচরণের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেড রাইট ব্যাক দিয়োগো দালোত। তবে ইউনাইটেড রক্ষণভাগ রবিবার পণ করে নেমেছিলেন গোল হজম করবে না। সেই কাজটি তারা করে দেখালেন। খেলা শেষ হল ০-০ গোলে। ম্যাচের সেরাও হলেন ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ভ্যারান। অ্যানফিল্ডে ২ পয়েন্ট খুইয়ে লিগের শীর্ষস্থান খোয়াল লিভারপুল।

আরও পড়ুন: AUSvPAK: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে হার পাকিস্তানের

লিগের অন্য একটি খেলায় ব্রাইটনকে হারিয়ে শীর্ষে পৌঁছে গেল আর্সেনাল। ঘরের মাঠে ২-০ গোলে জয় পেল মাইকেল আর্তেতার ছেলেরা। ম্যাচের নিয়ন্ত্রণ দখলে রাখলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্সেনাল। কিছুতেই গোলের মুখ খুলতে পারছিল না তারা। সেই খরা কাটান গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের ৫৩ মিনিটে কর্ণার থেকে হেড করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। যদিও এক গোলের ব্যবধান ফুটবলে নিরাপদ নয়। তাই আরও একটি গোলের সন্ধানে ছিল আর্সেনাল। সেই গোলটি তাদের এনে দেন কাই হ্যাভার্টজ। তিনি গোল করতে স্টেডিয়ামে উৎসবে মেতে ওঠে গানার সমর্থকরা। কারণ তাদের দল ১৭ ম্যাচে ৩৯ পেয়ে উঠে গিয়েছে লিগ তালিকার শীর্ষে। পরের ম্যাচে লিভারপুল ইউনাইটেডের বিরুদ্ধে পয়েন্ট হারানোয় শীর্ষ স্থানটি আরও মজবুত হয় আর্সেনালের।

About Post Author