স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ ডিসেম্বর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম টেবিলে ঝড় কলকাতা নাইট রাইডার্সের। অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে দলে নিয়েছে তারা। ২৪ কোটি ৫০ লক্ষ টাকায় অজি পেসারকে দলে নিয়েছে কেকেআর। আইপিএলের নিলাম টেবিলে যা ইতিহাস। এছাড়া কোন কোন ক্রিকেটারকে দলে নিলেন গৌতম গম্ভীররা? দেখে নেওয়া যাক একনজরে..

সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। সেই দলের ক্রিকেটারদের নিয়ে যে আইপিএলের নিলামে দরকষাকষি হবে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য লড়াই শুরু করে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। সেই ন্যূনতম দর পৌঁছয় ১০ কোটিতে। তারপর লড়াইয়ে নামে কলকাতা নাইট রাইডার্স। শুধু কলকাতা নয় স্টার্ককে দলে পাওয়ার জন্য ঝাপায় গুজরাট টাইটান্স। একটা সময়ে স্টার্কের দাম ছাড়িয়ে যায় ২০ কোটি ৫০ লক্ষ। যেই দামে তাঁর স্বদেশী প্যাট কামিন্সকে দলে নিয়ে নজির গড়েছিল সানরাইজার্স। লড়াইয়ে কি থাকবে কেকেআর, তা নিয়ে আলোচনা করতে দেখা যায় দলের মেন্টর গৌতম গম্ভীর ও সিইও বেঙ্কি মাইসোরকে। যদিও লড়াই থেকে সরে যায়নি নাইটরা। সেই দর পৌঁছয় ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায়। এরপর লড়াই থেকে নিজেদের সরিয়ে নেয় গুজরাট।
আরও পড়ুন বালুর অরণ্যভবনে হানা দিতেই উদ্ধার ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, ৮০০ স্ট্যাম্প পেপার
অতীতে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে দলে নিয়ে রেকর্ড তৈরি করেছিল কেকেআর। সেই রেকর্ডকে ছাপিয়ে স্টার্ক এখন কলকাতার সব থেকে দামী ক্রিকেটার। বিদেশী ক্রিকেটারদের মধ্যে কলকাতা দলে নিয়েছে আফগানিস্তানের বোলার মুজিব রহমানকে। ২ কোটি টাকায় তাকে দলে নেওয়া হয়েছে। ক্যারিবিয়ান ক্রিকেটার শেরফেন রাদারফোর্ডকে ১.৫ কোটি টাকায় কিনেছে কলকাতা। এছাড়াও ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনকে ১ কোটি টাকায় দলে নিয়েছেন গম্ভীররা। শুধু বিদেশী নয় দেশীয় ক্রিকেটারদের নেওয়ার ক্ষেত্রে চমক দিয়েছে কলকাতা। ২০১৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন টিমের সদস্য মণীশ পান্ডেকে দলে ফিরিয়েছে কলকাতা। ৫০ লক্ষ টাকায় ৩৪ বছরের ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। ওই একই দরে দলে নেওয়া হয়েছে ভারতের অনিয়মিত উইকেট রক্ষক কে এস ভরতকে। চেতন সাকারিয়াকেও ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে কেকেআর। এছাড়াও ২০ লক্ষ টাকা করে দলে নেওয়া হয়েছে ভারতের তিন তরুণ ক্রিকেটার রমনদীপ সিং, অঙ্গকৃষ্ণ রঘুবংশী ও সাকিব হোসেনকে।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত