স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ ডিসেম্বর: বেজে গেল আগামী মরসুমের আইপিএলের দামামা। মঙ্গলবার দুবাইয়ে বসেছিল আইপিএলের মেগা নিলাম। আইপিএলের নিলামে প্রতিযোগিতার ১০টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নিল।চেন্নাই সুপার কিংস: সদ্য ভারতের মাটিতে হাওয়া বিশ্বকাপের জয়ী দল অস্ট্রেলিয়া। নিলামে বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের দিকে নজর ছিল সব ফ্র্যাঞ্চাইজির। পিছিয়ে ছিল না বিশ্বকাপে ভালো খেলা বাকি দলগুলির ক্রিকেটাররাও। নিলামে ক্রিকেটার নেওয়ার নিরিখে বাকিদের বেশ ভালো টক্কর দিল গতবারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংস। নিজেদের সামর্থ্যের মধ্যে একাধিক ক্রিকেটারকে দলে নিল মহেন্দ্র সিং ধোনির দল। নিলামে উপস্থিত ছিলেন চেন্নাই দলের কোচ স্টিফেন ফ্লেমিং। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের হাত ধরে চেন্নাইয়ে নাম লেখালেন দুই কিউয়ি তারকা ড্যারিল মিচেল ও রচিন রবীন্দ্র। গত বিশ্বকাপে দুই ক্রিকেটার নজর কেড়েছিলেন। দলে নেওয়া হয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। এই তিন বিদেশীর পাশাপাশি দেশীয় ক্রিকেটারদের নেওয়ার ক্ষেত্রে জোর দিয়েছে গতবারের আইপিএল জয়ীরা। দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে। দেশের প্রতিশ্রুতিবান ব্যাটার সমীর রিজভিকেও নিয়েছে তারা। তিন বিদেশি-সহ মোট ছ’জন ক্রিকেটারকে কিনেছে সিএসকে।
আরও পড়ুন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা
সানরাইজার্স হায়দরাবাদ: নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির পারফরম্যান্সের নিরিখে চেন্নাইয়ের কাছাকাছি রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে তুলে নিয়েছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজিটি। তারা হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ফাইনালের নায়ক ট্র্যাভিস হেড। বিদেশীদের মধ্যে হায়দরাবাদ কিনেছে শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরঙ্গকেও। ভারতের অভিজ্ঞ বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটকেও খেলতে দেখা যাবে হায়দরাবাদের হয়ে। তিন বিদেশি-সহ ছ’জন ক্রিকেটারকে কিনেছে তারা।
মুম্বই ইন্ডিয়ান্স: বাকি ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে নজর কেড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বিশ্বকাপে ভালো খেলা দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেরাল্ড কোয়েৎজিকে নেওয়া হয়েছে দলে। শ্রীলঙ্কার দুই তরুণ ক্রিকেটার নুয়ান তুষারা এবং দিলশান মদুশঙ্ককেও কিনেছে আম্বানির দল। আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবিকেও দলে যুক্ত করেছে মুম্বই। নিলামে চার বিদেশি-সহ মোট আট জন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে।

দিল্লি ক্যাপিটাল: গত মরসুমে আইপিএলে দাগ কাটতে ব্যর্থ দিল্লি ক্যাপিটালস। এবার দলে দলে ভারসাম্য আনার চেষ্টা করেছে তারা। নিলামে উপস্থিত ছিলেন দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়, কোচ রিকি পন্টিং। দুই প্রাক্তন অধিনায়কের পরামর্শে দল গুছিয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। তারা কিনেছে হ্যারি ব্রুক, সাই হোপের মতো বিদেশি আগ্রাসী ব্যাটারকে। তা ছাড়াও বিদেশীদের মধ্যে দলে নেওয়া হয়েছে ট্রিস্টান স্টাবস, ঝাই রিচার্ডসনকে। দুজনেই বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞ ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটারদের নেওয়ার ক্ষেত্রে চমক দিয়েছে দিল্লি। প্রায় সাড়ে ৭ কোটি টাকায় নেওয়া হয়েছে ঝাড়খণ্ডের উইকেটরক্ষক ব্যাটার কুমার কুশাগ্রাকে। চার বিদেশি-সহ মোট ন’জন ক্রিকেটার কিনেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল।
গুজরাট টাইটান্স: গতবারের ফাইনালিস্ট গুজরাট টাইটানসও নিলামের টেবিলে পিছিয়ে ছিল না। তারা নিয়েছে অস্ট্রেলিয়ার পেস বোলার স্পেনসার জনসনকে। আফগান অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাইকেও কিনেছে গুজরাট। দেশীয় ক্রিকেটারদের মধ্যে নেওয়া হয়েছে কেকেআরের ছেড়ে দেওয়া উমেশ যাদবকে। অলরাউন্ডার শাহরুখ খানকেও দেখা যাবে গুজরাটের হয়ে খেলতে। দুই বিদেশি ক্রিকেটার-সহ মোট আট ক্রিকেটার কিনেছে তারা।
পঞ্জাব কিংস: প্রীতি জিন্টার পঞ্জাব কিংসও নিলামে দলকে আরও গুছিয়ে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার রাইলি রুসো, ইংল্যান্ডের ক্রিস ওকসের মতো তারকা বিদেশি ক্রিকেটারকে কিনে নিয়েছে তারা। এছাড়াও দলে নেওয়া হয়েছে হর্ষল প্যাটেলের মতো ভারতীয় অলরাউন্ডারকে। দুই বিদেশি-সহ মোট আট জন ক্রিকেটারকে কিনেছে পঞ্জাব।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: প্রতিবার ভালো দল করেও বছরের পর বছর সাফল্যের দেখা নেই। তবে এবার নিলামেও সেরকম চমক দেখাতে পারলনা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিদেশী পেস বোলার নেওয়ার ক্ষেত্রে জোর দিয়েছে তারা। নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার আলজারি জোসেফ, নিউ জিল্যান্ডের জোরে বোলার লকি ফার্গুসন এবং ইংল্যান্ডের অলরাউন্ডার টম কারেনকে। তিন বিদেশি-সহ মোট ছ’জন ক্রিকেটারকে কিনেছে বিরাট কোহলির দল।
লখনউ সুপার জায়ান্টস: সব থেকে কম বাজেট নিয়ে নিলামে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল কিনেছে ডেভিড উইলি এবং অ্যাশ্টন টার্নারের মত বিদেশীকে। দেশীয় ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল শিবম মাভি। দুই বিদেশি-সহ মোট ছ’জন ক্রিকেটারকে কিনেছে এলএসজি।
রাজস্থান রয়্যালস: নিলামে পিছিয়ে ছিল না রাজস্থান রয়্যালসও ।ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি অধিনায়ক রভমন পাওয়েলকে দলে নিয়ে চমক দিয়েছে তারা। ভারতীয়দের মধ্যে রাজস্থান পেয়েছে শুভম দুবেকে। ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ শুভম। তার বেস প্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা। সেই শুভমকে ৫.৮০ কোটি টাকায় কিনেছে রাজস্থান। তিন বিদেশি-সহ মোট পাঁচ জন ক্রিকেটারকে কিনেছে তারা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার