Home » সুপার কাপ খেলতে না চেয়ে ফেডারেশনকে চিঠি দিল মহামেডান স্পোর্টিং

সুপার কাপ খেলতে না চেয়ে ফেডারেশনকে চিঠি দিল মহামেডান স্পোর্টিং

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ ডিসেম্বর: নতুন বছরের শুরুতে অনুষ্ঠিত হবে সুপার কাপ। ইতিমধ্যে গ্রুপ বিন্যাস চূড়ান্ত। এ-গ্রুপে রয়েছে কলকাতার তিন প্রধান। ফলে বছরের শুরুতেই তিনটি ডার্বির সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সুপার কাপে ডার্বি হাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ, সুপার কাপ খেলতে চায় না মহামেডান স্পোর্টিং। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে (All India Football Federation) সরকারিভাবে নিজেদের সিধান্ত জানিয়েও দিয়েছে কলকাতার এই প্রধান।

আগামী মাসে ভুবনেশ্বরে বসতে চলেছে সুপার কাপের আসর। যেখানে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলির সঙ্গে অংশ নেবে আই লিগের ক্লাবগুলি।সম্প্রতি সুপার কাপ প্রতিযোগিতার গ্রুপ বিন‌্যাস প্রকাশ করেছে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। এ গ্রুপে রয়েছে কলকাতার তিন প্রধান মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গল (East Bengal) ও মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। এর মধ্যে প্রথম দুই প্রধান সুযোগ পেয়েছে ইন্ডিয়ান সুপার লিগ থেকে। আই লিগ (I-League) থেকে সুযোগ প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে চার দল। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে চার দলকে চার গ্রুপে রাখা হয়েছে। বছরের শেষে সেরা র‌্যাঙ্কিংয়ের ক্লাব খেলবে গ্রুপ ‘এ’-তে। আই লিগ টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করেছে মহামেডান। ফলে তারা ইস্ট মোহনের সঙ্গে রয়েছে এ গ্রুপে। ফলে তিন দল খেললে আগামী মরসুমের শুরুতে তিনটি ডার্বির সম্ভাবনা তৈরি হয়।

কিন্তু আগামী জানুয়ারিতে হতে চলা এই প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিধান্ত নিয়েছে সাদা-কালো ব্রিগেড। সেই কথা ইতিমধ্যেই তারা ফেডারেশনকে জানিয়েছে। জানা গিয়েছে, কলকাতা লিগ ও ডুরান্ড কাপের পর বর্তমানে আই লিগে খেলছে মহামেডান। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আপাতত আই লিগের শীর্ষে রয়েছে ডেভিড লালহানসাঙ্গা, বিকাশ সিংরা। এই পরিস্থিতিতে নিজেদের পুরো মনযোগ আই লিগ জয়ের উপরেই করতে চাইছেন কর্তারা। কারণ আই লিগ জিততে পারলে কলকাতার তৃতীয় দল হিসেবে ইন্ডিয়ান সুপার লিগের দরজা খুলে যাবে মহামেডানের সামনে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ভারতের, বাংলা থেকে সুযোগ পেলেন কতজন?

গত ম্যাচে নেরোকার বিরুদ্ধে স্বস্তির জয় পেয়েছে মহামেডান। তারপর দু’সপ্তাহের জন্য গোটা দলকে ছুটি দিয়েছে সাদা কালো ব্রিগেড। নতুন বছরে ছুটির মেজাজে রয়েছে কোচ থেকে ফুটবলাররা। রবিবার রাতে দেশে চলে গিয়েছেন কোচ আন্দ্রে চেরনিশভ। ফুটবলাররাও গিয়েছে ছুটিতে। ছুটি কাটিয়ে জানুয়ারির ৮-৯ তারিখে ফের শহরে ফিরবেন ডেভিডরা। ১০ জানুয়ারি থেকে ফের আই লিগের জন্য অনুশীলনে নেমে পড়বে মহামেডান। সুপার কাপকে তাই গুরুত্ব দিতে চাইছেন না ক্লাব কর্তারা।

About Post Author