সময় কলকাতা ডেস্ক, ১ জানুয়ারিঃ বছরের শুরুতেই নয়া চমক ইসরোর। নতুন বছরের প্রথম দিনেই সাফল্যের নয়া পালক জুড়ল ইসরোর মুকুটে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট সফলভাবে পাড়ি দিল মহাকাশে। এটি হল সি৫৮ রকেটের ৬০তম মিশন। এই মিশনে এক্সপোস্যাটের সাথে আরও ১০টি স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে। এটি মোট ৫ বছর কাজ করতে পারবে মহাশূন্যে। সেভাবেই তাকে তৈরি করা হয়েছে। অর্থাৎ এর আয়ুষ্কাল ২০২৮ সাল পর্যন্ত। এদিন সকাল ৯টা ১০ মিনিটে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা। জানা গিয়েছে, কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল সংক্রান্ত একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে এই স্যাটেলাইট। জানা গিয়েছে, কৃষ্ণগহ্বর খুঁজতে মাত্র ২১ মিনিটে এই স্যাটেলাইটটি মহাকাশে ৬৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছবে।
আরও পড়ুন বছরের শুরুতেই আবহাওয়ার বিরাট ভোলবদল, আরব সাগরে চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ
এই ধরনের কৃত্রিম উপগ্রহ এর আগে একবারই মাত্র নাসা ২০২১ সালে তা উৎক্ষেপণ করে। কৃত্রিম উপগ্রহটির নাম ছিল ‘ইমেজিং এক্স-রে পোলরিমেট্রি এক্সপ্লোরার’। এতদিন পর্যন্ত আমেরিকার দখলে ছিল এই সাফল্যের চাবিকাঠি। আমেরিকার পর ভারতই দ্বিতীয় দেশ, যে এই স্যাটেলাইটের উৎক্ষেপণ করল। জানা গিয়েছে, মূলত দুটি অংশের মাধ্যমে মহাকাশে কাজ করবে এক্সপোস্যাট। একটি পোলিক্স বা Polarimeter Instrument in X-Ray, অপরটি এক্সস্পেক্ট (X-ray Spectroscopy)। পৃথিবী থেকে খুব বেশি দূরে যাবে না এই কৃত্রিম উপগ্রহ। মাটি থেকে সর্বোচ্চ ৭০০ কিলোমিটারের মধ্যে থাকবে এক্সপোস্যাট। সেখানেই কৃষ্ণগহ্বর এবং উজ্জ্বল জ্যোতিষ্কের খোঁজ করবে ইসরোর এই স্যাটেলাইট।
আর পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিনিয়ত তথ্য পাঠাবে ইসরোর কন্ট্রোল রুমে। তা বিশ্লেষণ করেই আমাদের সৌরজগতের কৃষ্ণগহ্বর ও অন্যান্য শক্তির উৎস সম্পর্কে জানা যাবে। এক্সপোস্যাট মূলত এক্স রে পোলারিমিটারের সাহায্যে পৃথিবীর আশেপাশে থাকা অন্যান্য আলোর উৎস খুঁজবে এক্সপোস্যাট। এর পোলিক্স অংশে উচ্চমাত্রার এক্স রশ্মি নির্গত হবে। আর পরবর্তী অংশ নির্গত এক্স রশ্মির মাত্রাবদলের দিকে নজর রেখে পরিবর্তন সংক্রান্ত তথ্য পাঠাবে। তা বিশ্লেষণ করলেই কৃষ্ণগহ্বর বা অন্যান্য জ্যোতিষ্কের আলোক শক্তি সম্পর্কে ধারণা করা সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর