স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ জানুয়ারি: স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ অলিম্পিয়াড স্বামীর বিরুদ্ধে। গত শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি শহরে। ইতিমধ্যে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে সেই দেশের পুলিশ। তাঁর বিরুদ্ধে গাড়ি চালানোর সময় বিধি ভঙ্গ ও ইচ্ছাকৃত খুনের মতো গুরুতর মামলা দেওয়া হয়েছে। বেশিদিন আগের কথা নয়। বছর শেষের ক্রিসমাস একসঙ্গে পালন করেছিলেন সেই দম্পতি ও তাদের দুই সন্তান। তবে বছর ঘুরতে না ঘুরতে তাদের পারিবারিক জীবনে নেমে এল অন্ধকার। কথা হচ্ছে ৩৩ বছরের অস্টেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়ান সাইক্লিস্ট রোহন ডেনিসের। যার বিরুদ্ধে নিজের স্ত্রীকে গাড়িতে পিষে মারার মতো মারাত্মক অভিযোগ উঠেছে।

স্থানীয়রা দাবি করেছে, ঘটনার কয়েকদিন আগে দক্ষিণ অস্ট্রেলিয়ার মেডিন্ডি শহরের একটি বাড়িতে বাস করা শুরু করে ডেনিস পরিবার। তাঁদের নতুন প্রতিবেশীর এই কীর্তিতে তাঁরাও হতবাক। ঘটনার পর রোহনের স্ত্রী মেলিসাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গুরুতর চোট পাওয়ায় মেলিসকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন ডাক্তাররা। যদিও তাঁরা সফল হননি। হাসপাতালে পৌঁছনোর কিছু সময়ের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেলিসা। ইতিমধ্যে রোহনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, রোহন ও মেলিসা দুজনেই আন্তর্জাতিক সাইক্লিস্ট ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে পরপর বেশ কয়েকটি অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন দুজনে। ২০১২ সালের প্রতিযোগিতায় সোনা পেয়েছিলেন রোহন। গতবারও ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন তিনি। শুধু তাই নয় এক ঘণ্টায় সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করার রেকর্ড গড়েছিলেন রোহান। পাশাপাশি মেলিসা ২০১২ সালে অল্পের জন্য পদক হাতছাড়া করেন। তবে ২০১৫ সালে মহিলাদের দলগত বিভাগে সোনা জেতেন।একটা সময় পৃথিবীর প্রথম একশত সাইক্লিস্টের মধ্যে ছিলেন রোহন। তবে গত কয়েক বছরে মিলছিল না সাফল্য। ২০২৩ সালের শেষের দিকে অবসরের কথা ঘোষণা করেছিলেন রোহন। শেষের দিকে বিদায়ী বক্তব্যের বড় অংশ জুড়ে ছিলেন স্ত্রী মেলিসা। যেই মেলিসাকে হত্যার অভিযোগ উঠল রোহনের বিরুদ্ধে।


More Stories
পন্থের নয়া কীর্তি
বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট
স্টেইনকে টপকালেন স্টার্ক, ৪০০ উইকেট ক্লাবের মাইলফলকের ইতিহাসে নতুন সংযোজন