স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ জানুয়ারি: জয় দিয়ে সুপার কাপ অভিযান শুরু মোহনবাগানের। মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে প্রতিযোগিতায় শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। যদিও খেলার শুরুতে পিছিয়ে পড়েছিল কলকাতার অন্যতম প্রধান ক্লাব। সেখান থেকে দলকে জয় এনে দিলেন দুই তারকা জেসন কামিংস ও আর্মান্দো সাদিকু। দুই বিদেশির গোলে জয় পেল বাগান।

ইন্ডিয়ান সুপার লিগে টানা হারের জেরে মোহনবাগান কোচের পদ হারাতে হয় জুয়ান ফেরান্দোকে। তাকে সরিয়ে বছরের শুরুতে দলের দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ আন্তোনিয়ো লোপেস হাবাসকে। তবে ভিসার সমস্যায় তিনি এখনও দলের সঙ্গে যোগ দেননি। তাই সুপার কাপের নিজেদের প্রথম ম্যাচে দায়িত্ব সামলান সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। পাঁচ বিদেশিকে প্রথম একাদশে রেখে দল সাজিয়েছিলেন মিরান্ডা। সঙ্গে শুরু করেন কলকাতা লিগে নজরকাড়া কয়েক জন তরুণ ফুটবলার।
তবে খাতায়-কলমে এগিয়ে থাকা মোহনবাগানের বিরুদ্ধে শুরুটা ইতিবাচক করে শ্রীনিধি। শুরু থেকে আক্রমণের রাশ ছিল তাদের পায়ে। ১৭ মিনিটের মাথায় গোলের সুযোগ পান শ্রীনিধি। তবে কাজে লাগাতে পারেনি। তবে প্রথম গোলের জন্য তাদের বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ২৭ মিনিটের মাথায় বক্সের মধ্যে লালরোমাওয়াইয়াকে ফাউল করেন বাগানের সুমিত রাঠি। পেনাল্টি পায় শ্রীনিধি। গোল করতে ভুল করেননি উইলিয়াম অলিভিয়েরা। গোল হজম করার পর মরিয়া হয়ে ওঠেন সবুজ-মেরুন ফুটবলাররা। চাপ বাড়াতে থাকেন পেত্রাতোস, জেসন কামিংসরা। তার ফলও পায় বাগান। ৩৯ মিনিটের মাথায় বাগানের হয়ে সমতা ফেরান কামিংস। অভিষেক সূর্যবংশীর শট বারে লেগে ফেরে। ফিরতি বলে গোল করেন অষ্ট্রেলিয়ার বিশ্বকাপার।

আরও পড়ুন: ইস্ট-মোহন জিতল, এবার ফরম্যাট মাথায় রেখে কলিঙ্গ সুপার কাপে সেমিফাইনালে যাওয়ার চাবিকাঠি কী?
দ্বিতীয়ার্ধে জড়তা কাটিয়ে আক্রমণাত্মক ফুটবল শুরু করে বাগান ফুটবলাররা। মাঝমাঠের দখল নিয়ে প্রতিপক্ষের দূর্গে হানা দিচ্ছিলেন তারা। মাঝমাঠে দাপুটে ফুটবল খেলছিলেন হুগো বুমোস। মরিয়া হয়ে কোনরকমে নিজেদের গোল রক্ষা করছিলেন শ্রীনিধির ফুটবলাররা। বেশ কয়েকটি কর্নার আদায় করে নেয় বাগান। কিন্তু তা থেকেও গোল আসেনি। ৭১ মিনিটের মাথায় অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাগান। ডান প্রান্ত থেকে বক্সে ঢুকে সাদিকুর দিকে ঠিকানা লেখা ক্রস বাড়ান আশিস রাই। তাতে পা ছুঁইয়ে বল জালে জড়ান সাদিকু। এগিয়ে যায় বাগান। ফের দু’মিনিট পরেই ব্যবধান ৩-১ করতে পারতেন ইউরো কাপারটি। তাঁর শট বাঁচিয়ে দেন বিপক্ষের গোলরক্ষক।
Job done, on to the next one ✅#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/QJECDHSLdp
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 9, 2024
এগিয়ে যাওয়ার পরেও আক্রমণের ঝাঁঝ ধরে রাখে সবুজ-মেরুন। ফলে খেলার বাকি সময় গোল না খাওয়ার দিকেই বেশি নজর দিতে হয় শ্রীনিধিকে।যদিও ৮৫ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাগানের অভিষেককে। কিছুটা চাপে পড়ে যায় বাগান। সুযোগ পেয়ে আক্রমণ বাড়াতে থাকে শ্রীনিধি। কিন্তু বাগান রক্ষণকে ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে মোহনবাগান।


More Stories
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব