Home » IND-W VS AUS-W: টি-টোয়েন্টি সিরিজে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ভারতের

IND-W VS AUS-W: টি-টোয়েন্টি সিরিজে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ জানুয়ারি: টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচে, অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের।মঙ্গলবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান তোলে ভারত। জবাবে ৮ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় অষ্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। একদিনের ক্রিকেট সিরিজে ভারতকে হোয়াইট ওয়াশ করার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতে নিলেন অ্যালিসা হিলিরা।

টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান অষ্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। দুই ওপেনার শেফালি বর্মা এবং স্মৃতি মন্ধানার সৌজন্যে শুরুটা খারাপ করেনি ভারত। দ্রুত ৩৯ রানের জুটি গড়েন দুই ওপেনার। ১৭ বলে ২৬ রান করে ফেরেন শেফালি। শেফালি ফিরতে দলের হাল ধরেন সহ-অধিনায়ক মান্ধানা। ২৮ বল খেলে তিনি করেন ২৯ রান। তিন নম্বরে নেমে স্মৃতির সঙ্গে ২১ রানের জুটি গড়লেও জেমাইমার অবদান মাত্র ২ রান। গুরুত্বপূর্ণ এই ম্যাচেও রানের দেখা পেলেন না ভারতের অধিনায়ক হরমনপ্রীক কউর। ফিরলেন মাত্র ৩ রান করে। একটা সময়ে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৬০। সেখান থেকে তিন ওভারের ব্যবধানে ভারতের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৬৬। এই পরিস্থিতি থেকে ভারতীয় ইনিংসের হাল ধরেন বাংলার মেয়ে রিচা ঘোষ। ২৮ বলে ৩৪ রানের লড়াকু ইনিংস খেলেন। তার ইনিংস ২টি চার এবং ৩টি ছয়ে সাজানো ছিল। রিচাকে সঙ্গ দেন দীপ্তি শর্মা। ১৪ রান করেন ভারতের এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত আমানজ্যোত কউরের অপরাজিত ১৭ রানের সৌজন্যে ১৪৭ রান তোলে ভারতের মেয়েরা।১২ রানে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার অ্যানাবেল সাদারল্যান্ড। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। ২৪ রানে ২ উইকেট নিয়েছেন জর্জিয়া ওয়্যারহ্যাম। ১টি করে উইকেট পেয়েছেন মেগান শাট এবং অ্যাশলে গার্ডনার। একটি উইকেট নিয়ে নয়া নজির গড়লেন শাট। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেলেন তিনি। ১০৫ ম্যাচ খেলে শটের উইকেট সংখ্যা ১৩১। টপকে গেলেন পাকিস্তানের নিদা দারকে। যিনি ১৪১ টি ম্যাচ খেলে ১৩০ টি উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন: KALINGA SUPER CUP: শ্রীনিধিকে হারিয়ে সুপার কাপ অভিযান শুরু মোহনবাগানের

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন দুই ওপেনার হিলি এবং বেথ মুনি। প্রথম ১০ ওভারে হিলি-মুনি জুটির সৌজন্যে ৮৫ রান তুলে নেয় সফরকারী দল। ডিওয়াই পাটিল স্টেডিয়ামের ২২ গজে দুই অসি ওপেনারকে চ্যালেঞ্জই জানাতে পারলেন না ভারতের বোলাররা। ৩৮ বলে ৫৫ রান করে অবশেষে আউট হন হিলি। ৯টি চার এবং ১টি ছয় মারেন অজি অধিনায়ক। তিনি ফিরতে মুনির সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান তাহিলা ম্যাকগ্রা। ১৫ বলে ২০ রান করে পূজার বলে ফেরেন ম্যাকগ্রা। পরের বলেই এলিসি পেরিকেও ফেরান পূজা। কিন্তু ততক্ষণে জয়ের গন্ধ পেয়ে গিয়েছে অষ্ট্রেলিয়া শিবির। উইকেটের এক দিক আগলে দলকে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে নিয়ে মুনি। তাঁর সঙ্গে চতুর্থ উইকেটে জুটি বাঁধেন ফর্মে থাকা ফোবি লিচফিল্ড। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন মুনি। লিচফিল্ড অপরাজিত থাকেন ১৩ বলে ১৭ রান করে। ১৮.৪ ওভারে জয়ের রান তুলে নেয় অজি শিবির।

পুরুষদের ক্রিকেটের পাশাপাশি দেশে জনপ্রিয়তা বাড়ছে মহিলাদের ক্রিকেটেরও। ভারত অষ্ট্রেলিয়া দ্বিদেশীয় সিরিজে সব ফরম্যাটে ভারতীয় দলকে উৎসাহ দিতে গ্যালারিতে হাজির হতে দেখা গিয়েছে হাজার হাজার ক্রিকেট সমর্থককে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিল প্রায় ৪৩ হাজার ৫২৩ জন ক্রিকেটপ্রেমী।তবে এদিন নিরাশ হয়ে মাঠ ছাড়তে হয় তাদের।   

About Post Author