Home » FIFA THE BEST AWARD: হাল্যান্ড, এমবাপ্পেকে হারিয়ে অষ্টমবারের জন্য ফিফার বর্ষসেরা মেসি, মেয়েদের বিভাগে সেরা আইতানা

FIFA THE BEST AWARD: হাল্যান্ড, এমবাপ্পেকে হারিয়ে অষ্টমবারের জন্য ফিফার বর্ষসেরা মেসি, মেয়েদের বিভাগে সেরা আইতানা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ জানুয়ারি: ফিফার বর্ষসেরা পুরস্কার পেলেন লিওনেল মেসি (LIONEL MESSI)। অষ্টমবারের জন্য এই খেতাব জিতলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। ২০২২ সালের পর ফের এই খেতাব জিতে নিলেন তিনি। এই বছর মেসির সঙ্গে খেতাবী লড়াইয়ে ছিলেন আর্লিং হাল্যান্ড ও কিলিয়ান এমলবাপ্পে। তবে সবাইকে পিছনে ফেলে খেতাব জিতলেন এলএমটেন। অন্যদিকে মেয়েদের বিভাগে সেরার শিরোপা উঠেছে স্পেনের আইতানা বনমাতির হাতে।

ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিচারে কে হবেন বর্ষসেরা ফুটবলার? তা জানতে তুমুল আগ্রহ ছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবার ফিফার বর্ষসেরাদের হাতে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদের হাট বসেছিল ইংল্যান্ডের লণ্ডনে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার থিয়েরি অঁরি।

প্রত্যেকের নজর ছিল পুরুষদের বিভাগে সেরার শিরোপা কে পাবেন। ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। জাতীয় দলগুলির কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও সমর্থকদের ভোটের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে সেরাদের।  পুরুষদের বিভাগে সেরার দৌড়ে ছিলেন লিওনেল মেসি, আর্লিং হাল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পে। মেসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় বাকিদের। শেষে দেখা যায় মেসি ও হাল্যান্ড দুজনেই মোট ৪৮ টি করে ভোট পেয়েছেন। তবে জাতীয় দলের অধিনায়কদের ভোটে এগিয়ে ছিলেন আর্জেন্টিনার মহাতারকা। ফিফার রুলস অব অ্যালোকেশনের ১২ নম্বর অনুচ্ছেদ অনুসারে অষ্টমবারের জন্য খেতাব যায় মেসির হাতে। যদিও এদিনের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না। ৩৫ পয়েন্ট পেয়ে তিন নম্বরে শেষ করেছেন কিলিয়ান এমবাপ্পে।

আরও পড়ুন: প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিরুদ্ধে দু’বার এগিয়ে গিয়েও ড্র ম্যানচেস্টার ইউনাইটেডের

মেয়েদের বিভাগে বর্ষসেরার খেতাব উঠেছে স্পেনের আইতানা বনমাতির হাতে। গত বছর অগষ্টে মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বনমাতির সঙ্গে সেরা হওয়ার দৌড়ে ছিলেন তার জাতীয় দলের সতীর্থ হেনি হেরমোসো ও কলম্বিয়ার লিন্ডা সাইসেডো।

এক নজরে দেখে নেওয়া যাক কাদের হাতে উঠল ফিফা ‘দ্য বেস্ট’ –এর  পুরস্কার:

সেরা পুরুষ গোলরক্ষক: এদেরসন (ব্রাজিল)

সেরা মহিলা গোলরক্ষক: মেরি আর্পস (ইংল্যান্ড)

সেরা মহিলা কোচ: সারিনা ভাইগমান (নেদারল্যান্ডস)

সেরা পুরুষ কোচ: পেপ গুয়ার্দিওলা (স্পেন ও ম্যানচেস্টার সিটি)

সেরা গোল বা পুসকাস অ্যাওয়ার্ড: গিলের্মে মাদরুগা (ব্রাজিল)

ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড: মার্তা (ব্রাজিল)

ফিফা ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড: ব্রাজিল জাতীয় ফুটবল দল

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: হুগো দানিয়েল ইনিগুয়েজ

About Post Author