Home » AUSTRALIAN OPEN: ৩৫ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে নাগালের ইতিহাস

AUSTRALIAN OPEN: ৩৫ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে নাগালের ইতিহাস

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) নয়া ইতিহাস ভারতীয়র। প্রতিযোগিতার প্রথম রাউন্ড জিতে নিলেন সুমিত নাগাল (Sumit Nagal)। হারিয়ে দিলেন বিশ্বের ২৭ নম্বর অ্যালেক্সান্ডার বুবলিককে (Alexander Bublik)। ১৯৮৯ সালের পর প্রথম কোনও ভারতীয় টেনিস তারকা গ্র্যান্ড স্ল্যামে বাছাই টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে জয় পেলেন। নাগালের আগে এই কীর্তি গড়েছিলেন রমেশ কৃষ্ণণ। সেই সময়কার ক্রমতালিকায় এক নম্বর ম্যাটস উইল্যান্ডারকে হারিয়ে রীতিমত শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। সেই ম্যাচটিও ছিল অস্ট্রেলিয়ান ওপেনে।

সেই পথেই মঙ্গলবার নয়া ইতিহাস গড়লেন সুমিত নাগাল। কাজাখস্তানের টেনিস তারকা অ্যালেক্সান্ডার বুবলিককে স্ট্রেট সেটে উড়িয়ে দেন নাগাল। নাগালের সার্ভিস, ফোরহ্যান্ড ও ব্যাকহ্যান্ডগুলির বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেননি বিপক্ষ। একপ্রকার দূর্ভেদ্য হয়ে উঠেছিলেন হরিয়ানার রোহতকের যুবক সুমিত নাগাল। ১ ঘন্টা ৪৭ মিনিটের লড়াইয়ের শেষে ভারতীয় টেনিস তারকা জেতেন ৬-৪, ৬-২, ৭-৬  গেমে। শেষ সেট গড়ায় টাইব্রেকারে। সেই সেটেও রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৭-৬ ব্যবধানে জিতে নাগালের ইতিহাস।

আরও পড়ুন: FIFA THE BEST AWARD: হাল্যান্ড, এমবাপ্পেকে হারিয়ে অষ্টমবারের জন্য ফিফার বর্ষসেরা মেসি, মেয়েদের বিভাগে সেরা আইতানা

টেনিস বিশ্বে বুবলিক পরিচিত সাসা নামে। পুরুষদের ক্রমতালিকায় তিনি রয়েছেন ২৭ নম্বরে। অস্ট্রেলিয়ান ওপেনে ৩১ নম্বর বাছাই বুবলিক। অন্যদিকে ক্রমতালিকার বিচারে বেশ পিছিয়ে ভারতীয় টেনিস তারকা সুমিত। তিনি রয়েছেন ১৩৭ নম্বরে। তবু মঙ্গলবার রড লেভার অ্যারিনায়  দাপট দেখালেন নাগাল।

আরও পড়ুন: ANTONIO LOPEZ HABAS: ডার্বির আগে স্বস্তি বাগান শিবিরে, শহরে এলেন কোচ হাবাস

একটা সময়ে সর্বভারতীয় টেনিস সংস্থার জন্য প্রতিযোগিতায় অনিশ্চিত হয়ে পড়েছিলেন তিনি। ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলায় নাগালের জন্য ওয়াইল্ড কার্ডের জন্য আবেদন করতে রাজি হয়নি। ফলে যোগ্যতা অর্জন পর্বে খেলতে হয় তাকে। সেখানে টানা তিন ম্যাচ জিতে মূলপর্বের যোগ্যতা অর্জন করেন নাগাল। মূলপর্বের প্রথম ম্যাচেও জয় পেলেন ২৬ বছরের টেনিস তারকা।

About Post Author