স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ জানুয়ারি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পরও আশা ছাড়েননি ভারতের ক্রোট কোচ। কোচের আশায় জল ঢাললেন ভারতীয় ফুটবলাররা। এএফসি এশিয়ান কাপে বি-গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধেও হেরে গেলেন সুনীলরা। উজবেকদের বিরুদ্ধে হারের ব্যবধান ০-৩। রক্ষণের ভুলে তিনটি গোল হজম করতে হয় গুরপ্রীতদের। এই হারের ফলে সিরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ ভারতের সামনে হয়ে দাঁড়াল কার্যত নিয়মরক্ষার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রক্ষণাত্মক খেললেও উজবেকিস্তানের বিরুদ্ধে অনেক খোলামেলা ফুটবল খেলেন সুনীলরা। এই ম্যাচ চার জন ফুটবলার বদল করেছিলেন ভারতের কোচ ইগর স্টিমাচ। প্রথম একাদশে আকাশ মিশ্র, মহেশ নাওরেম সিংহ, অনুরুদ্ধ থাপা ও সুরেশকে রেখে দল সাজিয়েছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে জমাট রক্ষণ দেখা গিয়েছিল, তা এই ম্যাচে দেখা যায়নি। খেলা শুরু হওয়ার মাত্র ৪ মিনিটের মধ্যে রক্ষণের ভুলের মাশুল গুণতে হয় ভারতকে। গোল করে উজবেকিস্তানকে এগিয়ে দেন আব্বোসবেক ফাইজুলায়েভ। বক্সের মাথা থেকে শেরজদ নাসরুল্লায়েভের বাড়ানো পাস থেকে হেড করে গোল করেন তিনি। দৈহিক ফুটবল খেলে ভারতের উপর চাপ বাড়াচ্ছিল উজবেকরা। ১৮ মিনিটে ফের ব্যবধান বাড়ায় উজবেকিস্তান। আবার রক্ষণের ভুলে গোল হজম করে ভারত। নিজের অর্ধে বলের দখল হারান রাহুল ভেকে। বল নিয়ে বক্সে ঢুকে গোল করার চেষ্টা করেন ফাইজুলায়েভ। সেই বল আকাশের পায়ে লেগে পোস্টে বাধা পায়। তবে ফিরতি বলে গোল করেন ইগর সের্গিভ। ৩০ মিনিটের পর থেকে কিছুটা খেলায় ফেরে ভারত। বলের দখল নেওয়ার চেষ্টা করে তারা। বেশ কয়েকবার বিপক্ষেরপ বক্সে ঢুকে পড়লেও গোল মুখ খুলতে ব্যর্থ হন সুনীলরা। বিরতির ঠিক আগেই ফের রক্ষণের দুর্বলতায় গোল হজম করে ভারত। ব্যবধান ৩-০ করেন নাসরুল্লায়েভ।

আরও পড়ুন : INDIA WOMEN HOCKEY: হকিতে ইতালিকে পাঁচ গোল দিয়ে অলিম্পিক্সের আশা জিইয়ে রাখল ভারতের মেয়েরা
বিরতির পরে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে ভারত। ৫০ মিনিটে রাহুল কেপির শট বারে বাধা প্রাপ্ত হয়। ফিরতি বলে সুযোগ পেলেও গোল করতে পারেননি সুনীল। ৭২ মিনিটে রাহুল ভেকের হেড কোনও রকমে বাঁচান উজবেক গোলরক্ষক। শেষ পর্যন্ত ০-৩ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় ভারতকে। নক আউটে পৌঁছতে হলে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিরিয়াকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি ভারতকে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির দিকেও।


More Stories
ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ
ঈশান কিষানের পরাক্রমে দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল
আবার বারাসাতে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল