Home » পাকিস্তানের হামলায় ইরানে নিহত ৪ শিশু সহ ৯

পাকিস্তানের হামলায় ইরানে নিহত ৪ শিশু সহ ৯

সময় কলকাতা ডেস্ক, ১৯ জানুয়ারি : উত্তেজনা বেড়েই চলেছে  পাকিস্তান ও ইরানের মধ্যে। বৃহস্পতিবার ইরানের দক্ষিণ-পূর্বে একটি সীমান্ত অঞ্চলে পাকিস্তান হামলা চালায়। ইরানের হামলার পাল্টা হিসেবে ইরানে পাকিস্তানের  হামলায় নয়জন নিহত হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বালুচিস্তান নিয়ে চিরাচরিত উত্তেজনা  সাম্প্রতিক সময়ে উত্তেজনার চরমে এসে পৌঁছেছে।

উল্লেখ্য, বিগত তিন দিনে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বিমান হামলা যা কিনা এই ক’দিনে অন্তত ১১ জনের  প্রাণহানির কারণ ঘটিয়েছে। উভয় দেশই দাবি করছে, তাদের সীমান্তের কাছাকাছি সক্রিয় সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলির উপর বিমান হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের পাঞ্জগুর শহরে একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে যার ফলে কূটনৈতিক স্তরে উত্তেজনা বাড়ে । পাকিস্তান দ্রুত তাদের তরফে পাল্টা হামলা হিসেবে ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় বোমা নিক্ষেপ করে। আর এই হামলায় যে ৯ জন প্রাণ হারায় তাদের মধ্যে তিনজন মহিলা এবং চারজন শিশু।

উত্তেজনা প্রশমন হচ্ছে না আর এর কারণ অনেকাংশেই  লুকিয়ে রয়েছে বালুচিস্তানের ভূ-রাজনৈতিক গুরুত্বের মধ্যে। গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক গুরুত্বের একটি অঞ্চল, কারণ অঞ্চলটি  তিনটি দেশের মধ্যে বিভক্ত – পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান। পাকিস্তানের অংশটি বালুচিস্তান প্রদেশ হিসাবে পরিচিত,অন্যদিকে আফগানিস্তানে হেলমান্দ-কান্দাহার এবং নিমরুজ অন্তর্ভুক্ত রয়েছে।এই অঞ্চল ইরানে আবার সিস্তান-বালুচিস্তান হিসেবে পরিচিত।  বালুচিস্তানে ভৌগোলিক বিষয়টি অত্যন্ত  জটিল, আর এই অঞ্চলে সীমান্ত বরাবর  জঙ্গি গোষ্ঠীগুলির সক্রিয়তা অতিমাত্রায় থাকায়  বালুচিস্তান নিয়ে  কূটনৈতিক স্তরে  উত্তেজনা প্রায়শই দেখা যায়। এবার উত্তেজনা কার্যত যুদ্ধের আকার নিয়েছে। এমতাবস্থায়  পাকিস্তান ও ইরানের বিদেশ মন্ত্রীদের মধ্যে আলোচনা তাৎপর্যপূর্ণ হতে পারে এবং সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।।

আরও পড়ুন পৃথক রাজ্যের দাবি নিয়ে আলোচনার দাবিতে আকসুর বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ

 

 

About Post Author