Home » বাংলাদেশে বাড়তে শুরু করেছে চালের দাম, আমদানিতে ভারতের ‘বার্ষিক কোটার সুবিধা’ চাইল বাংলাদেশ

বাংলাদেশে বাড়তে শুরু করেছে চালের দাম, আমদানিতে ভারতের ‘বার্ষিক কোটার সুবিধা’ চাইল বাংলাদেশ

সময় কলকাতা ডেস্ক, ১৮ জানুয়ারিঃ হঠাৎ করেই বাংলাদেশে বাড়তে শুরু করেছে চালের দাম। মাত্র দু’সপ্তাহের মধ্যেই চালের মান এবং ধরনভেদে কেজি প্রতি ২ থেকে ৬ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, এবার আমন ধানের ফলন ভালো হলেও ধানের উৎপাদন খরচ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। কিন্তু হঠাৎ করেই বাজারে চালের দাম এতটা বেড়ে যাওয়ার কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্ত সাধারণ মানুষের। ব্যবসায়ীরা জানিয়েছেন, বছরের শুরু থেকেই বাজারে চালের সরবরাহ কমে গিয়েছিল, কিন্তু সেই তুলনায় দাম হু হু করে বাড়ছিল। তবে দাম বেশি বেড়েছে নির্বাচনের ঠিক পরপরই।

আরও পড়ুন  নিয়োগ দুর্নীতির তদন্তে ফের শহরের একাধিক জায়গায় ইডির হানা

যদিও চালের দাম নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে বাংলাদেশের খাদ্যমন্ত্রক। এমনকী ভারত থেকে চাল এবং গম আমদানির ক্ষেত্রে যে ‘বার্ষিক কোটা’ আছে তার সুবিধাও নিতে চাইছে বাংলাদেশ। বছরের ৪৫ লাখ টন চাল এবং গম আমদানি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ভারতের সঙ্গে আলোচনাও শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের সরকার জানিয়েছে, বিভিন্ন খাদ্যপণ্য রপ্তানিতে ভারত যে নিষেধাজ্ঞা জারি করেছে, বাংলাদেশের ক্ষেত্রে তা তুলে নেওয়া হতে পারে। কেননা বর্তমানে ভারতে চাল ও গম রপ্তানিতে নানা বিধিনিষেধ রয়েছে। এমন পরিস্থিতিতে ভারত থেকে আমদানি কোটার সুবিধা নিচ্ছে বিভিন্ন দেশ। বাংলাদেশও সেই দিকেই হাঁটছে।

এহেন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে আগামীদিনেও ভারতের দ্বিপাক্ষিক সুসম্পর্ক থাকবে। তাই বাংলাদেশে বিভিন্ন খাদ্যপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। সূত্রের খবর, এই মুহূর্তে বাংলাদেশে ১৬ লাখ টনেরও বেশি ধান, চাল ও গম মজুত আছে। কিন্তু চাল-গম আমদানিতে ভারত থেকে সেই সুবিধা পেতে চাইছে বাংলাদেশ। খাদ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কোটা–সুবিধায় সরকারি পর্যায়ে ৮ লাখ টন এবং বেসরকারি পর্যায়ে ১০ লাখ টন চাল আমদানির জন্য ভারতের কাছে চাহিদার কথা জানানো হয়েছে। আর গমের ক্ষেত্রে সরকারিভাবে ৭ লাখ টন এবং বেসরকারিভাবে আমদানির জন্য ২০ লাখ টনের চাহিদার কথা জানানো হয়েছে। এর মধ্যে সরকারি পর্যায়ে আমদানির অগ্রাধিকার দিয়ে আলোচনা শুরু হয়েছে।

About Post Author