স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ১৮ জানুয়ারি: রাত পোহালেই বছরের প্রথম কলকাতা ডার্বি। শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সুপার কাপের এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে শীতের শহরে চড়ছে উন্মাদনার পারদ। এই মরশুমে মোট দু’বার মুখোমুখি হয়েছে কলকাতার দুই প্রধান। ডুরান্ড কাপের গ্রুপ পর্বের খেলায় জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। তবে ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে পাল্টা জবাব দিয়েছিল মোহনবাগান। এই পরিস্থিতিতে সুপার কাপের মেগা ডার্বিতে মুখোমুখি হতে চলেছে দুই দল।
আরও পড়ুন বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন, মানসিক অবসাদ থেকে মুক্তি! পড়ুন রাশিফল
গুরুত্বের বিচারে সুপার কাপের এই ডার্বি কোনও অংশে কম নয়। কারণ প্রতিটি গ্রুপ থেকে সেরা দল পেয়ে যাবে সেমিফাইনালের ছাড়পত্র। গত দুটি ম্যাচ জয়ের ফলে দুটি দলের পয়েন্ট সমান। তবে বেশি গোল করায় এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। ডার্বি অমীমাংসিত শেষ হলেও শেষ চারে পৌঁছে যাবে লাল হলুদ। তাই খাতায় কলমে ডার্বিতে মাঠে নামার আগে কিছুটা অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের। কারণ, সুপার কাপে গত দুই ম্যাচে তুলনামূলক ভালো ফুটবল উপহার দিয়েছেন কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। মাঠে বল গড়ানোর আগে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার স্পষ্ট জানিয়েছেন, ডার্বিতে মাঠে যেই দল মস্তানি করবে তারা জিতবে। সুপার কাপে গত দুই ম্যাচের ফর্ম কি ডার্বিতে দেখাতে পারবেন ক্লেইটন সিলভারা? তাকিয়ে লাল হলুদ সমর্থকরা।

অন্যদিকে, মোহনবাগানকে শেষ চারে পৌঁছতে গেলে হারাতেই হবে ইস্টবেঙ্গলকে। তাই সবুজ মেরুন শিবির কিছুটা শান্ত। মাঠে নামার আগে মোহনবাগানকে চিন্তায় রেখেছে দলের চোট সমস্যা। সেই কথাই শোনা গিয়েছে মোহন কর্তা দেবাশিস দত্তের গলায়। ইস্টবেঙ্গলকে কটাক্ষ করে তিনি বলেছেন, “আমার দলে মোট আটজন ফুটবলার নেই। সাতজন রয়েছেন জাতীয় শিবিরে। আশিকের চোট। এরকম হ্যান্ডিক্যাপ দলের বিরুদ্ধে মস্তানি না করলে দল বানিয়ে লাভ কি।” যদিও মোহনবাগান শিবিরকে স্বস্তি দিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। বছরের শুরুতেই যাকে সবুজ মেরুনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত দুই ম্যাচে তাঁকে ডাগআউটে দেখা যায়নি। দলের দায়িত্ব সামলিয়েছেন ক্লিফোর্ড মিরান্ডা। সুপার কাপের বাকি দুই ম্যাচে দলের ডাগআউটে দেখা না গেলেও, ডার্বিতে ডাগআউটে প্রত্যাবর্তন হতে চলেছে অভিজ্ঞ কোচের। ভাঙা দল নিয়েই হাবাস কি ম্যাজিক দেখান চোখ থাকবে মোহন সমর্থকদের। সুপার কাপের ডার্বিতে হাবাসের লড়াই আর এক স্প্যানিশ অভিজ্ঞ কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে।
দুই স্প্যানিশ হেডস্যারের মগজের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? উত্তর মিলবে শুক্রবার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার