Home » ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, রাহুল গান্ধির বিরুদ্ধে দায়ের হল এফআইআর

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, রাহুল গান্ধির বিরুদ্ধে দায়ের হল এফআইআর

সময় কলকাতা ডেস্ক, ২৪ জানুয়ারিঃ অসমে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে অসমের গুয়াহাটিতে পুনঃপ্রবেশ করার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে কংগ্রেস কর্মীরা। পদযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এরপরই রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তারপরেই হিংসায় উসকানি, ভাঙচুর, সরকারি সম্পত্তির ক্ষতি ও পুলিশের উপরে আক্রমণের অভিযোগে রাহুল গান্ধি, কেসি বেণুগোপাল সহ একাধিক কংগ্রেস কর্মীর নামে দায়ের করা হল এফআইআর। প্রসঙ্গত, মণিপুর থেকে শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা মেঘালয় হয়ে অসমে প্রবেশ করেছিল। 

আরও পড়ুন   বঙ্গে শীতের ঝোড়ো ইনিংস শুরু, তারই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

সোমবার, ২২ জানুয়ারি অসমের একটি মন্দিরে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধির। কিন্তু মন্দির থেকে ২০ কিলোমিটার দূরেই তাঁকে আটকে দেওয়া হয়। সেখানেই অবস্থান বিক্ষোভে বসেন রাহুল। এরপর মঙ্গলবার ফের গুয়াহাটি হয়ে অসমে পুনঃপ্রবেশ করে কংগ্রেসের জনসংযোগ যাত্রা। সেখানেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে কংগ্রেস কর্মীদের। গুয়াহাটিতে ব্যারিকেড ভেঙে ঢুকতে যায় কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তাদের বাধা দেয় অসম পুলিশ। হাতাহাতি শুরু হয় দুই পক্ষের মধ্যে। সংঘর্ষের পরই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ দেন রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়ের করার। ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘিরে এই অশান্তির পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লেখেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

চিঠিতে কংগ্রেসের সভাপতি লেখেন, ‘ রাহুল গান্ধি জেড প্লাস নিরাপত্তা পাওয়ার কথা। কিন্তু মঙ্গলবার একাধিক এমন দৃশ্য দেখা গিয়েছে যেখানে অসম পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থেকেছে, নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিজেপি কর্মীদের রাহুল গান্ধির কনভয়ের কাছে আসতে দিয়েছে। রাহুল গান্ধি ও তার সঙ্গে থাকা সকলের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।’ চিঠিতে তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্টার ছেড়া, যাত্রায় বাধা দেওয়া ও রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেন বোরার উপরে হামলার ঘটনাও উল্লেখ করেন। প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি। ভারত জোড়ো ন্যায় যাত্রায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং রাহুল গান্ধির কোনও গুরুতর আঘাত না লাগে, তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপের অনুরোধ করেন মল্লিকার্জুন খাড়্গে। কংগ্রেস নেতাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় বাধা সৃষ্টি করা হচ্ছে।

About Post Author