Home » বঙ্গে শীতের ঝোড়ো ইনিংস শুরু, তারই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

বঙ্গে শীতের ঝোড়ো ইনিংস শুরু, তারই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ২৪ জানুয়ারিঃ বঙ্গে শীতের ঝোড়ো ইনিংস শুরু। বেড়েছে কুয়াশার দাপটও। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা থাকবে আকাশ। উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠাণ্ডা থাকবে। সকাল হতেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

আরও পড়ুন    রামলালা দর্শনে অযোধ্যায় ভক্তদের সুনামি,পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের 

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। এদিকে, কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন এলাকায়। বুধবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৯ থেকে ৯২ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত। যদিও তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস বলছে, কলকাতায় শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি থাকবে। ২৫ জানুয়ারি বৃষ্টির প্রভাব কমবে। শুধুমাত্র পূর্ব-পশ্চিম মেদিনীপুরের হালকা বৃষ্টিপাত হতে পারে। হেমন্তের হিমেল হাওয়ায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই থাকবে ঘন কুয়াশার দাপট থাকবে। ইতিমধ্যেই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিঙের পার্বত্য এলাকায়। দার্জিলিং ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তারপরের দু’তিন দিনে তাপমাত্রার খুব একটা হেরফেরের সম্ভাবনা কম।

About Post Author