Home » পেরোল ইডির দেওয়া নির্দিষ্ট সময়, রেশন বণ্টন দুর্নীতি মামলায় হাজিরা দিলেন না শাহজাহান

পেরোল ইডির দেওয়া নির্দিষ্ট সময়, রেশন বণ্টন দুর্নীতি মামলায় হাজিরা দিলেন না শাহজাহান

সময় কলকাতা ডেস্ক, ২৯ জানুয়ারিঃ রেশন বণ্টন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের খোঁজে ১৮ দিন পর গত ২৪ জানুয়ারি ফের সন্দেশখালিতে হানা দেয় ইডি। এদিন ভোর থেকেই তৃণমূল নেতার বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। সূত্র মারফত জানা গিয়েছে, ইডির সঙ্গে প্রায় ১২৫জন জওয়ান ঘটনাস্থলে ছিল। সঙ্গে আনা হয়েছিল তালার চাবি ভাঙার লোকও। স্থানীয় সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ সন্দেশখালিতে পৌঁছয় ইডির ৬ জন তদন্তকারী আধিকারিক। ওইদিন সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতে গিয়ে নোটিস টাঙিয়ে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে বলা হয়েছিল ২৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে শেখ শাহজাহানকে কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে হবে। এদিন তাঁকে প্রকাশ্যে দেখা যাবে কি না, তা নিয়ে জোর জল্পনাও শুরু হয়েছিল রাজনৈতিক মহলে।

আরও পড়ুন    আমেরিকায় প্রবল শীতে নিরাশ্রয় ব্যক্তির হাতে ভারতীয় ছাত্র খুন

তবে, এদিন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কোনও খোঁজ মেলেনি রেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের। এমনকী সকাল ১১টা পর্যন্ত শাহজাহানের কোনও প্রতিনিধিও সিজিওতে যাননি। তবে, শাহজাহানের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ইডি দফতরে হাজির হলে গ্রেফতারির আশঙ্কা করছেন তিনি। সেক্ষেত্রে নাকি অন্য কোনও ভাবে ‘আত্মসমর্পণ’ করতে পারেন তিনি। অন্যদিকে, শাহজাহানের দুটি ফোন নম্বরের কল ডিটেইলস বের করছে ইডি। জানা গিয়েছে, গত ৫ জানুয়ারি ইডি অফিসারদের হামলার আগে শাহজাহান নিজের দুটি মোবাইল থেকে মাত্র ৩ মিনিটে ২৮ বার ফোন করেছিলেন। কাদের সঙ্গে সেই সময় কথা বলেছিলেন তা জানতে ইতিমধ্যেই কল ডেটা রেকর্ড সংগ্রহ করছেন গোয়েন্দারা। তদন্তকারী আধিকারিকদের বক্তব্য, সেই ৩ মিনিটেই অনুগামীদের ফোন করে ইডি অফিসারদের উপর হামলার ছক করা হয়।

প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে এসে বেধড়ক মার খেয়েছিলেন ইডির কর্তারা। মাথা ফেটেছিল ইডির তিন অফিসারের। তড়িঘড়ি তাঁদের সেখান থেকে বের করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্ত যাঁকে ঘিরে এত কাণ্ড, সেই শেখ শাহজাহানের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। কেননা ঘটনার পর থেকেই নিখোঁজ সন্দেশখালির বেতাজ বাদশা। গোটা বিষয়টির জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি। গত ওই মামলার শুনানি হয়। তারই মাঝে ঘটনার ১৮ দিন পর গত ২৪ জানুয়ারি ফের সন্দেশখালিতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা।

About Post Author