সময় কলকাতা ডেস্ক, ২৯ জানুয়ারিঃ খনির পর জমি কেলেঙ্কারি মামলায় এবার আরও বিপাকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি বিক্রি এবং কেনার ঘটনায় জালিয়াতির অভিযোগে ও আর্থিক তছরুপের মামলায় সোমবার হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে ইডির হানা। ইতিমধ্যেই তাঁর বাড়িতে তল্লাশি চলছে। বাইরে থেকে ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়ি। এর আগে তাঁর রাঁচীর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। দুইদিন আগেই তাঁকে সমনও পাঠায়ে ইডি। আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। গত ২৭ জানুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠিয়েছিল ইডি। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছিল। তারই মধ্যে এদিন সাতসকালে হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে হানা দিল ইডি।
এর আগে ইডি হেমন্ত সোরেনকে মোট নয়বার সমন পাঠিয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। সোমবার ইডির আধিকারিকরা সরাসরি তাঁর বাড়িতেই হানা দেন। জমি কেলেঙ্কারি মামলায় এখনও পর্যন্ত একজন আইএএস অফিসার-সহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ইডি। উল্লেখ্য, গত বছরই পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে সেনাদের জমি বেআইনিভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। জমি হাতিয়ে কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের কথাও জানতে পারে ইডি। সেই ঘটনায় ঝাড়খণ্ডের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও মাফিয়া জড়িত রয়েছে বলেই ইডি সূত্রে খবর। এই মামলাতেই রক্ষাকবচ পেতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও গেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।
তবে ঝাড়খণ্ড হাইকোর্ট সোরেনের আবেদন খারিজ করে দেয়। দুটি পৃথক মামলায় তাঁর বিরুদ্ধে মামলা শুরু করেছে ইডি। এর আগে গত বছরের জুলাই মাসে ঝাড়খণ্ডের খনি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনের আপ্তসহায়ক পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১১ কোটি ৮৮ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি পঙ্কজ মিশ্রর বাড়ি থেকে উদ্ধার হয় নগদ আরও ৫ কোটি ৩৪ লাখ টাকা। বেআইনি খনি ও আর্থিক তছরুপ মামলায় নাম জড়ায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। নিয়ম ভেঙে নিজের নামে খনির লিজ নেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল বিজেপি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু জোর বিতর্ক। যার কারণে মুখ্যমন্ত্রীর পদও খোয়াতে বসেছিলেন হেমন্ত সোরেন। যদিও শেষ পর্যন্ত আস্থা ভোটে তিনি জয়ী হন।


More Stories
অভিষেকের দুয়ারে ইডি
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা