Home » MOHUN BAGAN: তারকা বিদেশীকে ছেড়েই দিচ্ছে মোহনবাগান

MOHUN BAGAN: তারকা বিদেশীকে ছেড়েই দিচ্ছে মোহনবাগান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ জানুয়ারি: জল্পনা সত্যি হতে চলেছে। ইন্ডিয়ান সুপার লিগের শীতকালীন দলবদলের বাজারে তারকা বিদেশীকে ছেড়েই দিচ্ছে মোহনবাগান। ইতিমধ্যে ভারতের প্রথম সারির একটি ক্লাবের সঙ্গেও নাকি কথা-বার্তা পাকা হয়ে গিয়েছে।

মরশুমের শুরুতে অনেক ঘটা করে দল করেছিল মোহনবাগান। তারকা দেশী ও বিদেশী ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে অর্থনৈতিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়নি কলকাতার এই প্রধানকে। তবে প্রায় ৭০ কোটির দল এখনও মাঠে নিজেদের প্রমাণ করতে পারেনি। ডুরান্ড কাপ জয় করে মরশুম শুরু করলেও মাঝপথে ঘটে গিয়েছে ছন্দপতন। এএফসি কাপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে দল। সুপার কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছে। যা মোটেও ভালোভাবে নেয়নি শতাব্দী প্রাচীন ক্লাবের সমর্থকরা। এই পরিস্থিতিতে কোচ জুয়ান ফেরান্দোকে সরিয়ে, দলের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যান্টনিও লোপেজ হাবাসকে। শুধু তাই নয় কোচের পাশাপাশি অনেক ফুটবলারের পারফরম্যান্সেও খুশি নন কর্মকর্তারা। সেই তালিকায় প্রথমেই ছিলেন ফরাসি মরোক্কান মিডফিল্ডার হুগো বুমো। জানা গিয়েছে এবার তারকা বিদেশীকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান।

আরও পড়ুন: VICTOR VAZQUEZ: দলবদলের বাজারে চমক, মেসির প্রাক্তন সতীর্থ এবার ইস্টবেঙ্গলে

গত মরশুম থেকেই এই ফুটবলারের সঙ্গে ক্লাবের সম্পর্কের অবনতি শুরু হয়। মাঠে পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরে তাঁর আচরণ নিয়েও খুশি ছিলেন না কোচ ও ক্লাব কর্তারা। যদিও মরশুমের শুরুতে দীর্ঘমেয়াদী চুক্তির জন্য তাকে ছাড়তে পারেনি সবুজমেরুন। তবে সুপার কাপে দলের ভরাডুবির পর নাকি ফুটবলারের প্রতি মোহভঙ্গ হয়েছে ক্লাবের। সুপার কাপের ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বঙ্গতনয় সৌভিক চক্রবর্তী তাকে প্রায় নড়তেই দেননি। দল থেকে হুগোকে ছেঁটে ফেলার সিধান্ত নিল মোহন কর্তৃপক্ষ। তবে মোহনবাগান ছাড়লেও এখনই ভারতীয় ফুটবলকে বিদায় জানাবেন না ২৮ বছরের এই ফুটবলার। জানা গিয়েছে ভারতে তার প্রাক্তন ক্লাব মুম্বই সিটি এফসির সঙ্গে কথা বার্তা পাকা হয়ে গিয়েছে বুমোর। ফরাসি মরোক্কান ফুটবলারটি মোহনবাগানের বদলি ক্লাব পেলেও, মোহনবাগান তার বদলে কাকে দলে নেয় সেদিকেই তাকিয়ে সমর্থকরা।

About Post Author