পুরন্দর চক্রবর্তী, ১০ অগাস্ট : ভিনগ্রহীরা আছে নাকি তাদের অস্তিত্ব নেই? এলিয়েন ও ইউ এফ ও কী মাঝেমধ্যেই পৃথিবীতে নেমে আসে? এই প্রশ্ন নিয়ে চর্চা নিরন্তর, পক্ষে এবং বিপক্ষে অজস্র মতামত রয়েছে। মার্কিন সরকার উড়ন্ত অজানা বস্তু নিয়ে তাদের গবেষণা সমৃদ্ধ একের পর এক ফাইল পেশ করে চলেছে। দুদিন আগেই তারা পঞ্চম ফাইল প্রকাশ করেছে ভিনগ্রহীদের সম্ভাবনা নিয়ে এবং মার্কিন সরকার জানিয়েছে ভিনগ্রহীদের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। তবে বিভিন্ন ফাইলে যে চিত্র ও নথি (ভিডিও এবং তথ্য) ফুটে উঠেছে তা রীতিমতো বিস্ময়কর এবং বুদ্ধিতে অনেক কিছুর ব্যাখ্যা মেলেনি। প্রাপ্ত ফুটেজ গুলি অনেক ক্ষেত্রেই শিহরণ জাগাতে বাধ্য। কতগুলি ফাইল কবে কবে প্রকাশ করেছে মার্কিন সরকার? কী আছে ভিডিও ফুটেজ গুলিতে? নথিগুলি কী বলছে? সর্বশেষ দফায় প্রকাশিত ভিডিও ফাইলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাবলী কোনগুলি?
উল্লেখ্য, গত মে মাস থেকেই মার্কিন সরকার একের পর এক ফাইল প্রকাশ করছে।মার্কিন সরকার ইউএফও (UFO) এবং অজানা অস্বাভাবিক ঘটনা বা ইউএপি (UAP) সংক্রান্ত ৫ দফায় মোট ৩৭১টি রেকর্ড বা ফাইল প্রকাশ করেছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর পেন্টাগন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এই গোপন নথিগুলো প্রকাশ্যে আনা শুরু করে। মে মাসে প্রথম দফায় প্রায় ১৬২টি ফাইল প্রকাশ করা হয়েছিল। অতঃপর মে মাসে আরেকটি জুন ও জুলাই মাসে দুটি ফাইল প্রকাশ করা হয়। সম্প্রতি ৭ অগাস্ট ৫ম দফায় আরও ৪১টি নতুন ফাইল প্রকাশ করা হয়েছে। এই ৫ দফায় প্রকাশিত ফাইলের মধ্যে ১০০টির বেশি ভিডিও, ছবি এবং সরকারি নথিপত্র রয়েছে। পেন্টাগন, সিআইএ (CIA), এফবিআই (FBI), নাসা (NASA) এবং স্টেট ডিপার্টমেন্টের আর্কাইভ থেকে এসব নথি সংগ্রহ করা হয়েছে।
প্রত্যেক দফার ফাইলে চাঞ্চল্যকর বেশ কিছু ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তৃতীয় দফায় প্রকাশিত ফাইল আলাদা করে উল্লেখযোগ্য। সিআইএ, এফবিআই এবং নাসার ৫৩টি গোপন নথি ও অডিও-ভিডিও প্রকাশ করা হয়। এর মধ্যে মার্কিন সামরিক ঘাঁটির কাছে “সবুজ গোলক” (Green Orbs) এবং একটি কমলা রঙের “মাদার অর্ব” (Mother Orb) থেকে ছোট লাল গোলক নির্গত হওয়ার ঘটনাটি অত্যন্ত আলোড়ন ফেলেছিল।
সর্বশেষ ফাইলে কী পাওয়া গিয়েছে? ২০২৬ সালে পৃথিবীতে সরাসরি এলিয়েন বা বহির্জাগতিক প্রাণীর আক্রমণের কোনো ঘটনা না ঘটলেও, মার্কিন সরকার কর্তৃক গোপন ইউএফও (UFO/UAP) ফাইল ও ভিডিও ফাঁসের কারণে বিশ্বজুড়ে এলিয়েনদের নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। এই তুমুল আলোড়নের কারণ এমন কয়েকটি ঘটনা সামনে এসেছে যা বুদ্ধি, যুক্তি বা পৃথিবীর বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়নি ।
পেন্টাগনের নতুন ভিডিও ও রহস্যময় ভিডিও ফাইলে আমেরিকার নবগঠিত ‘Department of War’ এবং এফবিআই (FBI)-এর নতুন নথিতে কিছু গা শিউরে ওঠার মতো ঘটনা সামনে এসেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল, ২০০২ সালে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির আকাশে একটি বিশাল ত্রিকোণাকার রহস্যময় বস্তুর (UAP/UFO) উপস্থিতি সংক্রান্ত চাঞ্চল্যকর ফাইলের উন্মোচন।
সর্বশেষ ফাইলে রয়েছে ঘড়ির সময় বদলে যাওয়ার মত ঘটনা।২০২৬ সালের শুরুতে আমেরিকার পশ্চিমাঞ্চলে টহলরত মার্কিন সেনাসদস্যরা আকাশে অদ্ভুত লাল আলোর সমাহার দেখেন। এই ঘটনার পর দেখা যায়, তাদের ডিজিটাল এবং অ্যানালগ ঘড়ির সময় স্বয়ংক্রিয়ভাবে ২৫ মিনিট এগিয়ে গেছে, যা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে।
আকাশে উড়ন্ত গোলক ও ব্ল্যাক স্ফিয়ারের কথাও নতুন ফাইলে রয়েছে। নতুন ভিডিওগুলোতে মধ্যপ্রাচ্যের আবাসিক এলাকার ওপর দিয়ে একটি তীব্র গতির রহস্যময় গোলক (Orb) উড়ে যেতে এবং প্রশান্ত মহাসাগরের ওপর একটি কালো বৃত্তাকার বস্তু (Black Sphere) শূন্যে মিলিয়ে যেতে দেখা গেছে।
নতুন ভিডিওতে অরবিটের আশ্চর্য কৌশল চোখে পড়েছে।২০২৪ ও ২০২৫ সালে তোলা কিছু ইনফ্রারেড ফুটেজে দেখা গেছে, পূর্ব চীন সাগর এবং মধ্যপ্রাচ্যের আকাশে কিছু ফুটবল আকৃতির বস্তু এবং আলোর কণা তীব্র গতিতে নিখুঁত ৯০-ডিগ্রি কোণে দিক পরিবর্তন করছে, যা মানুষের তৈরি কোনো ড্রোনের পক্ষে অসম্ভব। সব মিলিয়ে নিশ্চিত প্রমাণ না পাওয়া গেলেও ভিনগ্রহীদের সম্ভাবনা প্রবল করে তুলেছে।।


More Stories
চা-বাগানে প্রকাশ্যে লেপার্ডের গরু শিকার
অজানা অলৌকিক রবীন্দ্রনাথ : গুরুদেবের প্রেতচর্চা
মাটির বুকে স্বর্গ, সাজুর ‘হেভেন’ বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি পুলিশ প্রশাসনের