Home » EAST BENGAL: খেলেছেন মেসি-রোনাল্ডো-বেঞ্জেমার বিরুদ্ধে, চিনে নিন ইস্টবেঙ্গলের নতুন বিদেশীকে

EAST BENGAL: খেলেছেন মেসি-রোনাল্ডো-বেঞ্জেমার বিরুদ্ধে, চিনে নিন ইস্টবেঙ্গলের নতুন বিদেশীকে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: সার্বিয়ার ডিফেন্ডার এবার লাল-হলুদে। চোট পেয়ে গোটা মরশুমের জন্য দল থেকে ছিটকে গিয়েছিলেন দলের তারকা ডিফেন্ডার আন্তোনিয়ো পারদো লুকাস। তাই মরশুমের মাঝপথে তার পরিবর্ত ডিফেন্ডারকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। ফুটবলারটির নাম অ্যালেক্সান্ডার প্যান্টিচ (Aleksandar Pantić)। ইউরোপের প্রথম সারির ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে ৩২ বছরের এই ফুটবলারের। লা লিগায় মেসি, রোনাল্ডো, গ্রিজম্যান, বেঞ্জেমাদের মত তারকা ফুটবালরদের বিরুদ্ধেও খেলেছেন অ্যালেক্সান্ডার।

ইস্টবেঙ্গলের সামাজিক মাধ্যমে ইতিমধ্যে নতুন ফুটবলার দলে নেওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়েছে। কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শে সার্বিয়ান ফুটবলারটিকে দলে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, “ আলেক্সান্ডার অভিজ্ঞ ফুটবলার। ভিয়ারিয়াল, রেড স্টার বেলগ্রেড, ডায়নামো কিয়েভের মতো ইউইরোপের প্রথম সারির দলে খেলেছে। তার যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন নেই। আমি আগে থেকে ফুটবলারটিকে চিনতাম। বাকি মরশুম পাওয়ায় আমি খুশি। আশা করি ওর অন্তর্ভুক্তি দলকে আরও শক্তিশালী করবে।” কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত অ্যালেক্সান্ডার প্যান্টিচও। কোচ কার্লেসকে ধন্যবাদ জানিয়েছেন তার উপর ভরসা রাখার জন্য। পাশাপাশি মরশুমের বাকি সময়ে দলের হয়ে ভালো খেলতে চান বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: UEFA CHAMPIONS LEAGUE: চ্যাম্পিয়ন্স লিগে জয় ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের

১৯৯২ সালে যুগোশ্লোভিয়ায় জন্ম ফুটবলারের। সার্বিয়ার পার্টিজানের অ্যাকাডেমী থেকে উত্থান। রেড স্টার বেলগ্রেডে খেলার পর প্রচারের আলোয় আসেন। বেলগ্রেড থেকে ২০১৩ সালে যোগ দেন স্পেনের প্রথম সারির ক্লাব ভিয়ারিয়ালে। ২০১৭ সাল পর্যন্ত ভিয়ারিয়ালে থাকার সময় তিনি খেলেছেন মেসি, রোনাল্ডো, বেঞ্জেমা, গ্রিজম্যানদের মতো তারকাদের বিরুদ্ধে। এছাড়াও কর্ডোবা, আলাভেসের হয়েও খেলেছেন। স্পেনের ক্লাব থেকে ২০১৭ সালে যোগ দেন ডায়নামো কিয়েভে। গত মরশুমে খেলেছেন সাইপ্রাসের ক্লাব ডোক্সাতে। সার্বিয়ার অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন। এখন কলকাতার অন্যতম সফল ক্লাবের হয়ে কেমন খেলেন সেদিকে তাকিয়ে লাল-হলুদ জনতা।

About Post Author