স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে বড় জয় পেয়েছে ভারত। প্রথম টেস্টে হারের পর, এই ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছেন রোহিতরা। পাশাপাশি দলকে স্বস্তি দিয়েছেন দলের তরুণ ব্রিগেড। যশস্বী জয়সওয়াল, শুভমন গিল থেকে এই সিরিজে অভিষেক হওয়া সরফরাজ খান ও ধ্রুব জুরেলরা রানের মধ্যে রয়েছেন। এই তরুণ ব্রিগেডের খেলায় উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমী থেকে প্রাক্তনরা। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ভারতীয় দলের এক তরুণ ক্রিকেটারকে দরাজ সার্টিফিকেট দিলেন বাংলার মহারাজ। আগামী প্রজন্ম সেই ক্রিকেটারের লড়াই দেখে অনুপ্রাণিত হবে বলে মত প্রাক্তন বোর্ড সভাপতির।

কালের নিয়মে নতুন প্রজন্ম উঠে আসে সামনের সারিতে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। ক্রিকেট বা অন্যান্য খেলাতেও তা ব্যতিক্রম নয়। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও দেখা যাচ্ছে দলে নতুন প্রজন্মের উত্থান। নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়ার ব্যাপারে যার জুড়ি মেলা ভার তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি যখন অধিনায়ক ছিলেন তখন একঝাঁক তরুণ উঠে এসেছিল। সেই তালিকায় ছিলেন বীরেন্দ্র সহওয়াগ, যুবরাজ সিং, জাহির খান, মহম্মদ কাইফ, হরভজন সিংরা। মাঠ ও মাঠের বাইরে তাদের সমর্থনে একটুও কার্পণ্য করেননি অধিনায়ক সৌরভ। ক্রিকেট ছেড়ে দিলেও বরাবর নতুন প্রজন্ম বা আগামী প্রজন্মের ক্রিকেটারদের উৎসাহ জুগিয়েছেন বাংলার মহারাজ। এবার প্রাক্তন ভারত অধিনায়ককে পাশে পেলেন সরফরাজ খান।

অনেক টালবাহানার পর রাজকোটে তৃতীয় টেস্টে দলে সুযোগ পেয়েছেন মুম্বইয়ের এই ব্যাটার। ব্যাট হাতে দু’ইনিংসে দুটি অর্ধশতরান করে নিজের প্রতিভা প্রমাণও করেছেন তিনি। তার ব্যাটিং প্রতিভায় মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বোর্ড সভাপতি বলেছেন, “সরফরাজের শুরুটা ভাল হয়েছে। ওকে এবার বিদেশের মাটিতে নিজেকে প্রমাণ করতে হবে। সরফরাজ আগামী প্রজন্মের ক্রিকেটারদের কাছে দৃষ্টান্ত। শুধু তাকে মনে রাখতে হবে ধারাবাহিকভাবে রান করতে পারলে, কেউ তাকে বাদ দিতে পারবে না।” সরফরাজের পাশাপাশি রাজকোটে দ্বিশতরান করা যশস্বী জয়সওয়ালেরও প্রশংসা শোনা গিয়েছে সৌরভের গলায়। আগামী দিনে দেশের হয়ে সবধরনের ক্রিকেটে যশস্বীকে দেখা যাবে বলেও বিশ্বাসী বাংলার মহারাজ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার