স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: রাঁচী টেস্টে বেকায়দায় ভারত। শনিবার দিনের শুরুতে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে ক্রমাগত উইকেট হারাতে থাকেন রোহিতরা। যশস্বী জয়সওয়াল ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার বড় রান করতে পারেননি। দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান তুলেছে ভারত। এখনও ইংল্যান্ডের থেকে ১৩৪ রান পিছনে রয়েছেন রোহিতরা।

শনিবারের সকালে ইংল্যান্ডের বাকি তিন উইকেট তুলে নেন জাদেজা। তবে রুটকে আউট করতে পারেননি ভারতীয় বোলাররা। ১২২ রানে অপরাজিত ছিলেন রুট। রান তাড়া করতে নেমে শুরুতে রোহিতের উইকেট হারায় ভারত। রান পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২ রান করে ফেরেন তিনি। শুরুটা ভালো করেও বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ শুভমন গিল। ৩৮ রান করে আউট হন তিনি। এই ম্যাচেও ব্যর্থ সিরিজে অভিষেক হওয়া রজত পতিদার। তিনি আউট হলেন ১৭ রানে। রবীন্দ্র জাদেজার অবদান ১২। স্পিন সহায়ক পিচে একাই চার উইকেট নিয়ে ভারতের টপ অর্ডারে কাঁপুনি ধরিয়ে দেন শোয়েব বাশির। একাই ৪ উইকেট তুলে নেন ইংল্যান্ডের এই স্পিনার। একা লড়াই করছিলেন যশস্বী।
আরও পড়ুন: OPTICAL ILLUSION: ৪৫ সেকেন্ড সময়ের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?
এই ম্যাচে একাধিক রেকর্ড ভাঙলেন যশস্বী। বাঁ-হাতি ভারতীয় ব্যাটার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ রান ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে ৫৩৪ রান করেছিলেন বাংলার মহারাজ। এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী। এক বছরের সব থেকে বেশি ছয় মারার ক্ষেত্রে ভারতের আর এক কিংবদন্তি বীরেন্দ্র সেহওয়াগকেও ছাপিয়ে গিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। যখন বাকি ব্যাটারেরা বাশিরের স্পিনে নাস্তানাবুদ হচ্ছেন তখন ভারতীয় দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান তিনি। একটা সময় মনে হচ্ছিল ফের শতরান করবেন যশস্বী। তবে ৭৩ রানের মাথায় বাশিরের বলেই বোল্ড হয়ে যান তিনি। আরও চাপে পড়ে যায় ভারত। গত টেস্টে অভিষেক হওয়া সরফরাজ এই ম্যাচে ব্যর্থ। ১৪ রান করে তিনি আউট হন। শেষবেলায় ভারতকে লড়াইয়ে টিকিয়ে রেখেছেন ধ্রুব জুরেল ও কুলদীপ সিং। জুরেল ৩০ ও কুলদীপ ১৭ রানে অপরাজিত রয়েছেন।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান