Home » EAST BENGAL: ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য স্বস্তির খবর, অনুশীলনে ফিরছেন দলের তারকা বিদেশী

EAST BENGAL: ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য স্বস্তির খবর, অনুশীলনে ফিরছেন দলের তারকা বিদেশী

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে হেরেছে ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসির বিরুদ্ধএ ১-২ গোলে হেরেছে তারা। প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ দশ মিনিটে জোড়া গোল হজম করতে হয়েছে কার্লেস কুয়াদ্রাতের দলকে। সোমবার ঘরের মাঠে লালহলুদের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। পয়েন্টের নিরিখে দুটি দল একই জায়গায় দাড়িয়ে। যদিও গোল পার্থক্যে চেন্নাইয়িনের থেকে একধাপ এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে লাল হলুদ সমর্থকদের জন্য সুখবর। চোট সারিয়ে অনুশীলনে ফিরতে চলেছেন দলের তারকা বিদেশী সাউল ক্রেসপো। শনিবার থেকেই অনুশীলন শুরু করবেন স্প্যানিশ তারকা।

দীর্ঘ এক যুগ পর সর্বভারতীয় ট্রফি ঢুকেছে ইস্টবেঙ্গল তাঁবুতে। সুপার কাপে জয় পেয়েছেন ক্লেইটনরা। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সাউল ক্রেসপো। মাঝমাঠের নিয়ন্ত্রণ থেকে গোলের বল বাড়ানোর ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। গত  ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে ড্র করেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ক্রেসপোকে। তারপর থেকে তিনি আর মাঠে নামতে পারেননি। যা নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল কলকাতার অন্যতম প্রধানের কাছে।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: মাত্র ৩০ সেকেন্ড সময়ের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

দলে তিন নতুন বিদেশীর অন্তর্ভুক্তি হয়েছে। রক্ষণে প্যান্টিচ, মাঝমাঠে ভাসকুয়েজ ও ফরওয়ার্ডে ফেলিসিও ব্রাউন। প্রথম দু’জন নজর কাড়লেও অন্যজনকে নিয়ে ইতিমধ্যে উঠছে প্রশ্ন। প্রতিযোগিতায় এখনও সাত ম্যাচ বাকি। সুপার সিক্সে নিজেদের জায়গা পাকা করতে হলে সাত ম্যাচে ভাল কিছু করে দেখাতে হবে ইস্টবেঙ্গলকে। এই পরিস্থিতিতে সাউলের অনুশীলনে যোগ দেওয়া তাদের কাছে স্বস্তির বলেই মনে করছেন কোচ কুয়াদ্রাত। তবে শনিবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেই যে সোমবার মাঠে নামতে পারবেন ক্রেসপো এমনটা নয়। কারণ তাকে সম্পূর্ণ ম্যাচ ফিট করে মাঠে নামাতে চাইছেন লাল হলুদ হেডস্যার। সেক্ষেত্রে আগামী ওড়িশা বা গোয়ার বিরুদ্ধে ম্যাচে তাকে খেলতে দেখা যেতে পারে।

About Post Author