Home » WPL 2024: টানটান ম্যাচে ‘স্মৃতির’ চ্যালেঞ্জার্স হারাল ‘হিলির’ ওয়ারিয়র্সকে

WPL 2024: টানটান ম্যাচে ‘স্মৃতির’ চ্যালেঞ্জার্স হারাল ‘হিলির’ ওয়ারিয়র্সকে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: জমে উঠছে মহিলা প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে খেলার ফয়সালার জন্য অপেক্ষা করতে হয়েছিল শেষ ওভারের শেষ বল পর্যন্ত। দ্বিতীয় ম্যাচেও দেখা গেল সেই এক চিত্র। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রানে শেষ হয়ে যায় উত্তরপ্রদেশ ওয়ারিয়রদের ইনিংস। হিলির দলকে ২ রানে হারিয়ে প্রিমিয়ার লিগের অভিযান শুরু করল স্মৃতির চ্যালেঞ্জার্স।

টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠান ইউপি ওয়ারিয়র্স অধিনায়ক অ্যালিসা হিলি। প্রথমে ব্যাটিংয়ের সুবিধা নিতে পারেনি তারা। এই ম্যাচে রান পাননি দুই ওপেনার সোফি ডিভাইন (১) ও স্মৃতি মন্ধানা (১৩)। একটি চার ও একটি ছয় মেরে ইনিংস শুরু করলেও দ্রুত ডাগআউটে ফিরতে হয় আরসিবি অধিনায়ককে। চার নম্বরে নামা এলিস পেরিও (৮) ব্যর্থ। ৫৪ রানে দলের ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। ঘরের মাঠে দলকে খেলায় ফেরান দুই ভারতীয়র জুটি। তাদের মধ্যে একজন আবার বাংলার। চতুর্থ উইকেটে সাব্বিনানি মেঘানার সঙ্গে জুটি বাঁধেন রিচা। ৭১ রানের জুটি খেলেন দুজনে।

মেঘানা কিছুটা ধীরে খেললেও, প্রথম থেকেই হাত খোলেন রিচা। ব্যক্তিগত ৫৩ রানের মাথায় আউট হন মেঘানা। ততক্ষণে লড়াই করার মত জায়গায় পৌঁছে গিয়েছে আরসিবি। মেঘানা আউট হওয়ার পরে দলকে টানেন রিচা। বড় শট খেলতে থাকেন তিনি। তার নির্ভীক ব্যাট থেকে অর্ধশতরান আসে মাত্র ৩২ বলে। বিধ্বংসী হয়ে ওঠা রিচাকে থামান জাতীয় দলে তার সতীর্থ দীপ্তি শর্মা। ৬২ রান করে ফিরতে হয় বাংলার মেয়েকে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করে আরসিবি।

১৫৮ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ইউপিরও। দ্বিতীয় ওভারেই আউট হন অ্যালিসা হিলি। অপর ওপেনার বৃন্দা দীনেশ টিকে থাকলেও টেস্ট ম্যাচের মানসিকতায় খেলছিলেন। তিন নম্বরে নেমে কয়েকটি বড় শট খেলেন তাহিলা ম্যাকগ্রা। তবে নবম ওভারে দুই সেট ব্যাটারকে ফিরিয়ে ইউপি শিবিরে ধাক্কা দেন সোভানা আশা। ম্যাকগ্রার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইউপি। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন গ্রেস হ্যারিস ও শ্বেতা সেহরাওয়াত। ৭৭ রানের জুটি খেলেন দুজনে। দ্রুত গতিতে রান তোলেন তারা। একটা সময় মনে হচ্ছিল, ম্যাচ আরসিবির হাত থেকে বেরিয়ে যাবে। তখনই দলকে খেলায় ফেরান সেই আশা। ব্যক্তিগত ৩১ রানের মাথায় ফেরান শ্বেতাকে। ঠিক দু’বল পরে ফের উইকেট পান আশা। ৩৮ রানের মাথায় ফেরান হ্যারিসকে। ওই ওভারের শেষ বলে কিরন নবগিরেকেও নিজের শিকার বানান ভারতীয় বোলার। ৪ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট নেন আশা। আশার স্পিনে ম্যাচ জেতার আশা আরও বাড়ে আরসিবির।

আরও পড়ুন: India vs England: যশস্বী ছাড়া ব্যর্থ ভারতীয় ব্যাটিং অর্ডার, দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড

যদিও আরও একবার খেলায় ফিরেছিল ইউপি। সৌজন্যে পুনম খেমনার। শ্রেয়াঙ্কা পাতিলের করা অষ্টদশ ওভারে ১৪ রান তোলেন তিনি। তাকে সঙ্গ দিতে থাকেন দীপ্তি শর্মা। শেষ ১২ বলে ইউপির জিততে দরকার ছিল ১৬ রান। তবে ৭ বলে ১৪ রান করে খেমনা ফিরতে ফের ম্যাচের দখল নেয় স্মৃতির আরসিবি। শেষ ওভারে দরকার ছিল ১১ রান। সোফি মলিনিউয়ের ওভারে অনেক চেষ্টা করেও সেই রান তুলতে পারেননি দীপ্তি। ২ রানে ম্যাচ হারতে হয় ইউপিকে।

About Post Author