Home » East Bengal: ইতিহাস গড়েও ওড়িশার বিরুদ্ধে হারল ইস্টবেঙ্গল

East Bengal: ইতিহাস গড়েও ওড়িশার বিরুদ্ধে হারল ইস্টবেঙ্গল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ মার্চ: ইতিহাস গড়েও হারল ইস্টবেঙ্গল (East Bengal)। বৃহস্পতিবার কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে বিষ্ণুর করা ৩২ সেকেন্ডের গোলে এগিয়ে যায় লালহলুদ। তবে সেই গোল ধরে রাখতে পারেনি কার্লেস ব্রিগেড। প্রথমার্ধের শেষে ও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে ঘরের মাঠে ৩ পয়েন্ট নিশ্চিত করে লোবেরা ব্রিগেড।

আইএসএলে টানা দুই ম্যাচ না জেতার আক্ষেপ রয়েছে ইস্টবেঙ্গলের। বৃহস্পতিবার কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশার বিরুদ্ধে সেই আক্ষেপ মেটানোর সুযোগ ছিল কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের কাছে। ম্যাচ শুরু হতেই চমক দিয়েছিল লাল-হলুদ। মাত্র ৩২ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন পিভি বিষ্ণু। আলেক্সান্ডার প্যান্টিচের অসামান্য পাস থেকে একক দক্ষতায় গোল করেন তিনি। যা আইএসএলে ইস্টবেঙ্গলের দ্রুততম গোল। কিন্তু নজির গড়লেও টানা দ্বিতীয় ম্যাচে জিতে মাঠ ছাড়তে পারল না মশাল ব্রিগেড। খেলার প্রথমার্থে গোল দেওয়ার পর উজ্জীবিত ফুটবল খেলছিলেন ক্লেইটন-নন্দারা। তবে যত খেলার বয়স বেড়েছে ততই খেলার মধ্যে থেকে হারিয়ে গিয়েছে লাল-হলুদ। প্রথমার্ধেই গোল শোধ করে ওড়িশা। বক্সের মধ্যে দিয়েগো মরিশিওকে ফাউল করেন রাকিপ। পেনাল্টির নির্দেশ দেন রেফারি।  পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মরিশিও। সঠিক দিকে ঝাঁপ দিয়েও বলের নাগাল পাননি লাল-হলুদ গোলরক্ষক প্রভসুখন গিল।

আরও পড়ুন: রেফারির ‘ভুল ‘ : ইস্টবেঙ্গল-ওড়িশা কোচের বাকযুদ্ধ, নেপথ্য কাহিনী কী?

প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে বল নিজেদের দখলে রেখে খেলে ইস্টবেঙ্গল। কিন্তু কাজের কাজ করতে পারেনি। বরং ৬১ মিনিটের মাথায় গোল হজম করে বসে ইস্টবেঙ্গল। কর্নার থেকে প্রিন্সটন রেবেলোর মারা বল ইস্টবেঙ্গলের ভিক্টর ভাসকুয়েসের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। পিছিয়ে পড়ে লালহলুদ। তার পর থেকে একাধিক বার আক্রমণে উঠলেও সেই গোল শোধ করতে পারেনি ক্লেইটনরা। ফলে ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গলকে।এই ম্যাচে হারের ফলে লিগ টেবিলে আট নম্বরেই রইল ইস্টবেঙ্গল। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৮।  প্রতিযোগিতার প্রথম ছয়ে থাকতে হলে পরের ম্যাচগুলি ইস্টবেঙ্গলের কাছে খুব গুরুত্বপূর্ণ। আগামী ৬ মার্চ গোয়ার বিরুদ্ধে খেলবেন কুয়াদ্রাতরা। তারপরেই ১০ মার্চ ডার্বি। অন্যদিকে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ওড়িশা এফসি। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে মোহনবাগান।

About Post Author