সময় কলকাতা ডেস্ক, ২ মার্চ : আইএসএলের দ্বিতীয় লেগে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে মোহনবাগান। শুক্রবার তারা ইস্পাতনগরী জামশেদপুরকে উড়িয়ে দিল ৩-০ গোলে।
ইস্টবেঙ্গলের সঙ্গে শেষ দশ মিনিটে দু গোল করে তিন পয়েন্ট পেলেও মোহনবাগানের সামনে পড়তেই জামশেদপুরের জারিজুরি শেষ। পরিষ্কার তিন গোলের ব্যবধানে খালিদ জামিলের ছেলেদের হারিয়ে দিয়ে ওড়িশা, গোয়া বা মুম্বাইকে হাবাসের মোহনবাগান জানিয়ে দিল তারা প্রস্তুত, তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রেয়াত করবে না কাউকে । স্ট্রাইকাররা হাবাসের গোল খরা সম্পূর্ণ কাটিয়ে উঠেছেন, গোল করার বুট খুঁজেও পেয়েছেন কামিন্স, সাদিকু। টোটাল টিমগেম খেলে মোহনবাগান আইএসএলের পয়েন্ট টেবিলে শীর্ষে পৌঁছে যাওয়ার খুব কাছাকাছি চলে এল শুক্রবার। প্রথমার্ধের শুরুতেই মাত্র ৬ মিনিটের মধ্যে পেত্রাতোসের গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়ান অপর দুই বিদেশী তারকা কামিন্স ও সাদিকু। এই ম্যাচের শেষে মোহনবাগান ১৬ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে। ওড়িশা ৩৫ পয়েন্ট পেয়ে শীর্ষে থাকলেও তারা মোহনবাগানের চেয়ে একটি ম্যাচ বেশি বেশি খেলেছে।তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে মুম্বাই,গোয়া ও কেরালা।
মোহনবাগান সুপার জায়ান্ট কোনও দু একজনের ওপরে নির্ভর করে শুক্রবার জেতে নি। এদিন সম্ভবত এবছর আইএসএলে সেরা ম্যাচ খেললেন মনবীর সিং। উইং দিয়ে উঠে প্রচুর গোলের ঠিকানা লেখা পাস বাড়ালেন। জামশেদপুরের বিরুদ্ধে তিনটে গোলের নেপথ্যেই রয়েছেন পাঞ্জাবী তরুণ। প্রথম গোলটির সময় তিনি যে পাশ বাড়ান সেক্ষেত্রে পেত্রাতোসের গোলে বল প্লেস করা ছাড়া কিছুই করার ছিল না। লিস্টন কোলাসো ও চমৎকার খেললেন এদিন।১৫ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুন করে ফেলেছিলেন প্রায়।আর পেত্রাতোসের ধারাবাহিকতা উল্লেখ করার মত। গোল করা বা করানো, সবক্ষেত্রেই প্রতিদিন তিনি অবদান রেখে চলেছেন। অজি বিশ্বকাপার কামিন্স এদিন একটিমাত্র গোল করলেও একাধিকবারের গোল করার জায়গায় পৌঁছেছেন। একটি ক্ষেত্রে বারপোস্টে লেগে তাঁর নিশ্চিত গোল হাতছাড়া হয়।সবুজ মেরুন ডিফেন্সও এদিন নির্ভরতা দিয়েছে।এগারো জনের সবাই যেন সেরা ফর্মে রয়েছেন। সবচেয়ে বড় কথা, মোহনবাগানের গোল গুলি সঙ্ঘবদ্ধ আক্রমণের ফসল। মোহনবাগান তিন গোল করলেও জামশেদপুর যে বিক্ষিপ্ত সুযোগ তৈরি করে নি তা নয়। চিমা চুকু, ইমরান ও মাঞ্জরো চেষ্টা করলেও বিশাল কাইথ প্রচেষ্টা গুলিকে প্রতিহত করেছেন। তবে মোহনবাগানের টোটাল ফুটবলের কাছে হারিয়ে গিয়েছে ইস্পাতনগরী। জামশেদপুরএফসি এদিন হেরে কুড়ি পয়েন্টেই দাঁড়িয়ে থাকল ইস্পাত নগরীর দল। ফলে ষষ্ঠ স্থানের লড়াইয়ে বাড়তি লাভ হল না, উল্টে তিন গোল খেয়ে আরও কিছুটা জটিলতা তৈরি হল জামশেদপুর দলের যা সুবিধা করে দিতে পারে ইস্টবেঙ্গল সহ পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকা দলগুলিকে ।।
আরও পড়ুন আফগানিস্তানকে হারিয়ে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড


More Stories
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের