স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ মার্চ: ধরমশালা টেস্টে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। প্রথম দিনে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২১৮ রানে। তার জবাবে দ্বিতীয় দিনে ভারত তুলল ৮ উইকেটে ৪৭৩ রান। রোহিত-গিলের শতরানে ভর করে ২৫৫ রানে এগিয়ে গিয়েছে রোহিত শর্মারা। শোয়েব বশির ৪ উইকেট নিলেও ভারতীয় ব্যাটারদের উপর চাপ বাড়াতে পারেনি ইংল্যান্ড।

শুক্রবার দিনের প্রথম সেশনে একটিও উইকেট হারায়নি ভারত। রোহিত-গিলের জুটি ব্রিটিশ বোলারদের উপর চাপ বাড়াতে থাকে। ১৭১ রানের জুটি গড়েন দুজনে। ব্যক্তিগতভাবে শতরান পেয়েছেন দুজনেই। ভারতীয় ইনিংসে প্রথম ধাক্কাটি দেন বেন স্টোকস। ১৮২ দিন পর বল করতে গিয়ে প্রথম বলেই রোহিত শর্মাকে ফেরান ব্রিটিশ অধিনায়ক। ১০৩ রানে থামে ভারত অধিনায়কের ইনিংস। পরের ওভারেই অভিজ্ঞ অ্যান্ডারসনের বলে বোল্ড হন শুভমন গিল। ১১০ রান করে সাজঘরে ফেরেন গিল। দুই প্রতিষ্ঠিত ব্যাটারকে হারালেও চাপে পড়েনি ভারত। দলের হাল ধরেন দেবদত্ত পাড়িক্কল ও সরফরাজ খান। ভারতীয় দলে দুজনেই নবাগত। এই ম্যাচে রজত পতিদারের বদলে দলে সুযোগ পেয়েছেন দেবদত্ত। প্রথম আবির্ভাবে নজর কাড়লেন তিনি। সরফরাজের সঙ্গে জুটিতে করলেন ৯৭ রান। ব্যক্তিগত ৫৬ রানের মাথায় আউট হন সরফরাজ। পাড়িক্কল করলেন ৬৫ রান। এই দুজনে আউট হতে দ্রুত ৩ উইকেট হারায় ভারত।

দ্বিতীয় দিনের শেষে দলের হাল ধরেন দলের দুই বোলার কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা। তারা ৪৫ রানের জুটি খেলেন। দিনের শেষে দুজনেই অপরাজিত রয়েছেন। কুলদীপ খেলছেন ২৭ রানে। বুমরার সংগ্রহ ১৯। শনিবার দিনের শুরুতে তারা দলকে কতটা টানতে পারেন সেদিকে নজর থাকবে সকলের। ইতিমধ্যে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছেন রোহিতরা। ফলে ধরমশালা টেস্টটি ভারতীয় দলের কাছে নিয়মরক্ষার। আর সফরকারী দলের কাছে সম্মানরক্ষার। শেষ হাসি কে হাসবে সেটা সময় বলবে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার