Home » Liverpool: ক্লপ জমানার হাজার গোলের দিনেই ইউরোপা কাপের শেষ ষোলোয় বড় জয় লিভারপুলের

Liverpool: ক্লপ জমানার হাজার গোলের দিনেই ইউরোপা কাপের শেষ ষোলোয় বড় জয় লিভারপুলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ মার্চ: ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম পর্বে বড় জয় পেল লিভারপুল। প্রাগের এপেট অ্যারেনায় তারা ৫-১ গোলে দুরমুশ করল স্পার্টা প্রাগকে। বড় ব্যবধানে জয়ের দিনেই আরও এক নজির গড়ল ইংল্যান্ডের ক্লাবটি। কোচ য়ুর্গেন ক্লপের জমানায় হাজার গোলের মাইল ফলক স্পর্শ করল অল রেডরা। প্রিমিয়ার লিগে বর্তমান কোচদের মধ্যে এই বিরল নজির রয়েছে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটির। এই মরশুমের পর ইংল্যান্ডের দলের দায়িত্ব ছাড়বেন ক্লপ। তার আগে জার্মান কোচের কোচিং মুকুটে নতুন পালক যুক্ত হল।

২০১৫ সালে অ্যানফিল্ডের ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন য়ুর্গেন ক্লপ। তিনি দলের দায়িত্ব নেওয়ার পর ক্লাব স্তরে সব বড় ট্রফি জিতেছে লিভারপুল। দীর্ঘ দুই দশক পর প্রিমিয়ার লিগও ঘরে তুলেছে তারা। তবে এখনও অধরা ইউরোপা লিগ। এই মরশুমে সেই খরা কাটাতে মরিয়া লিভারপুল। বৃহস্পতিবার ইউরোপা লিগের প্রথম পর্বের ম্যাচে বড় জয় তুলে নিয়েছে ক্লপ বাহিনী। ম্যাচে আগাগোড়া আধিপত্য দেখিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠে গোলের জন্য লিভারপুলকে অপেক্ষা করতে হয় ষষ্ঠ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে গোলের খাতা খোলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার ম্যাক অ্যালিস্টার। ২৫ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন ডারউইন নুনেজ। প্রথমার্ধের সংযুক্তি সময়ে দলের তৃতীয় গোলটিও আসে তার পা থেকে।  বিরতির সময় ৩-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতি থেকে ফিরেই আত্মঘাতী গোলে ব্যবধান কমায় প্রাগ। নিজের জালে বল জড়ান ব্র্যাডলি। ম্যাচের ৫৩ মিনিটের মাথায় আবারও ব্যবধান বাড়ায় লিভারপুল। গোল করেন লুইস দিয়াজ। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে দলের হয়ে ব্যবধান ৫-১ করেন সোবোজলাই। এই জয়ের ফলে শেষ আটের দিকে এক পা দিয়ে রাখল ক্লপ বাহিনী।

আরও পড়ুন: Kolkata Derby: ডার্বির টিকিট নিয়ে কাজিয়া চরমে, বড় সিদ্ধান্ত নিল মোহনবাগান

ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের লড়াইয়েও রয়েছে লিভারপুল। এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে রয়েছে তারা। যদিও প্রথম তিনে থাকা দলগুলির মধ্যে পয়েন্টের বিশাল ফারাক নেই। আগামী রবিবার তাদের সামনে প্রতিপক্ষ দু’নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচে জিতলে খেতাব জয়ের আরও কাছে চলে যাবে দল। আর হেরে গেলে হারাতে হবে শীর্ষস্থান। তার আগে ইউরোপা লিগের ম্যাচে বড় ব্যবধানে জয় দলের ফুটবলারদের মনোবল চাঙ্গা করবে বলে মনে করছে ফুটবল বিশ্লেষকরা।

About Post Author