সময় কলকাতা ডেস্ক,১৩ মার্চ : টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ বিরাট কোহলি ভারতীয় দলে নেই। খবরটা শুনলে আপনি অবাক হতে পারেন কিন্তু আকস্মিক পট পরিবর্তন না ঘটলে বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড থেকে বাদ পড়তে চলেছেন। পরিস্থিতি এদিকেই গড়াচ্ছে। বর্তমান প্রজন্মের বিশ্বের তথা ভারতের সেরা ক্রিকেটার হিসাবে বিশ্বের তাবড় তাবড় ক্রিকেট বোদ্ধারা যাকে বিগত এক দশক ধরে স্বীকৃতি দিয়ে এসেছেন সেই বিরাট কোহলি ভারতীয় দল থেকে বাদ পড়ছেন বিষয়টি শুনলে চোখ ছানাবড়া হতে পারে ভারতীয় তথা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। গত ২৪ ঘন্টা ধরে এরকম আবহও তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটে। বিশ্বের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই বিষয়টিকে হজম করতে পারছেন না। অস্ট্রেলিয়া বা পাকিস্তান – সব দেশেই বিস্ময়ের সঙ্গে খবরটি ছড়িয়ে পড়েছে। অনেকেই মানতে পারছেন না। কেন বাদ দেওয়া হচ্ছে বিরাটকে? ৩৬ বছর বয়স হলেও ফিটনেসের সমস্যা অন্তত বিরাট কোহলির নেই। তবে কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড?
একথা ঠিক যে, টেস্ট তথা পাঁচ দিনের ক্রিকেট ঘরানায় বিরাট কোহলি দীর্ঘদিন ধরে কার্যত অপ্রতিদ্বন্দ্বী হলেও বিগত এক-দু বছর ধরেই কুড়ি ওভারের ক্রিকেটে বিরাট কোহলিকে নিয়ে বেশ কিছুটা সমালোচনা হচ্ছিল, বলা হচ্ছিল রান করার ক্ষেত্রে গতি মন্থরতায় ভুগছেন তিনি। প্রাক্তন ক্রিকেটার ও কোচ টম মুডি এনিয়ে পথিকৃৎ ছিলেন। তিনি সরাসরি বলেন, বিরাট কোহলি যে রান রেট নিয়ে খেলেন তা বর্তমান সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে অচল। সম্প্রতি ভারত ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে সরে দাঁড়ান। এবার সরতে হচ্ছে না, সরিয়ে দেওয়া হচ্ছে। রোহিত শর্মার সঙ্গে ওপেনিং স্লটে যশস্বী জয়সওয়ালকে দেখা যেতে পারে। মিডল অর্ডারে সঙ্গে শুভমান গিলের সঙ্গে দেখা যাবে রিঙ্কু সিং ও সূর্য কুমার যাদব কে।কে এল রাহুল প্রথম একাদশে থাকছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে। জিতেশ শর্মা ও ধ্রুব জুরেল থাকায় উইকেট রক্ষক হিসেবেও দেখা যাবে না ঈশান কিষান বা সঞ্জু শ্যামসনকে। এছাড়াও অলরাউন্ডার হিসেবে জাদেজা ও হার্দিক পান্ডিয়ার পাশাপাশি বিকল্প হিসেবে ভাবা হচ্ছে শিবম দুবেকে। কেন ব্রাত্য হতে চলেছেন কোহলি? ব্যাটসম্যান হিসেবে যাদের কথা ভাবা হচ্ছে তারা প্রত্যেকেই বিগ হিটার এবং খুব দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন । তাছাড়াও রোহিত শর্মা, জাদেজা ছাড়া কোনও ক্রিকেটারের কথা ভাবতে এরকম অবস্থায় ভাবা হচ্ছে না তা সম্ভাব্য দলের দিকে তাকালেই পরিষ্কার হয়ে যাবে। বোলিং ইউনিটে বুমরার পাশে দেখা যাবে সিরাজ ও আর্শদীপকে। স্পিনে কুলদীপ ছাড়া থাকছেন রবি বিষ্ণই। এরকম প্রেক্ষাপটে ব্রাত্য হয়ে যাচ্ছেন বিরাট । নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর তার সঙ্গে একপ্রস্থ কথাও বলেছেন। দল এসময় কি চাইছে তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। ভারত টি টোয়েন্টি দলে এরকম ব্যাটার চাইছে যারা ঝড় তুলবেন। কুড়ি ওভারের ম্যাচে নির্ভরতা চাওয়া হচ্ছে না।
এরকম এক আবহে ভারতীয় দলের দীর্ঘদিনের যোদ্ধা এবং বিশ্ব ক্রিকেটের অবিস্মরণীয় চরিত্র বিরাট কোহলিকে ভাবা হচ্ছে না ভারতীয় টি-টোয়েন্টি দলে।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে