Home » IPL 2024: আইপিএল শুরুর কয়েক ঘন্টা আগে মুম্বই শিবিরে যোগ দিলেন বিধ্বংসী পেসার

IPL 2024: আইপিএল শুরুর কয়েক ঘন্টা আগে মুম্বই শিবিরে যোগ দিলেন বিধ্বংসী পেসার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ মার্চ: হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তদশ সংস্করণ। শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আয়েজিত হবে উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। অন্যদিকে উদ্বোধনী ম্যাচ শুরুর কয়েক ঘন্টার আগে স্বস্তির খবর মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। কারণ, অনুশীলনে যোগ দিলেন দলের অভিজ্ঞ পেসার যশপ্রীত বুমরা। আগামী রবিবার এই মরশুমে নিজেদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই। তার আগে  তারকা পেসারের যোগদান হার্দিকদের দলকে আরও শক্তিশালী করল।

বল হাতে বিপক্ষ শিবিরের মধ্যে চাপ বাড়াতে পারেন। ডেথ ওভারে মারাত্মক ইয়র্কারে বিপক্ষের ব্যাটারদের স্টাম্প ছিটকে দিতে পারদর্শী। যে কোনও পরিস্থিতিতে ম্যাচের রং পরিবর্তন করার ক্ষমতা রয়েছে তাঁর। আইপিএল শুরুর কয়েক ঘন্টা আগে নিজের দলের অনুশীলনে ফিরলেন সেই যশপ্রীত বুমরা। শুক্রবার দলের সঙ্গে যোগ দেওয়ায় তাই মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে পোস্ট করে লেখা হয়েছে, “Why Fear? Boom is Here।” যার অর্থ “ভয়ের কী আছে? বুম রয়েছে তো।” বুমরাকে তার সতীর্থ থেকে অনুগামীরা বুম বলেই ডাকেন।

আরও পড়ুন: IPL 2024: আইপিএলের উদ্বোধনে জমকালো অনুষ্ঠান উপস্থিত থাকতে পারেন রহমন, সোনু, অক্ষয় ও টাইগার

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল মুম্বই। রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ও নীতা আম্বানির সাধের দলও বলা চলে। গত মরশুমে এই দল প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল।  প্লে অফে জায়গা করেছিলেন রোহিতরা। এলিমিনেটরে লখনউকে হারালেও, হারতে হয়েছিল গুজরাটের বিরুদ্ধে। এই মরশুমে ফের খেতাব ঘরে তুলতে বদ্ধপরিকর তারা। দলে কিছু রদবদলও করা হয়েছে। অধিনায়ক হিসেবে অভিজ্ঞ রোহিত শর্মাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তবে প্রতিযোগিতার আগে বড় ধাক্কা খেয়েছে দল। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস সার্টিফিকেট পাননি স্কাই। ফলে প্রতিযোগিতার প্রথম দিকে তার পরিষেবা পাবে না দল। তার মধ্যে বুমরার দলে যোগ যে মুম্বই শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

About Post Author