Home » হাওড়ায় ফের সিগন্যাল বিভ্রাট, ব্যান্ডেল ও তারকেশ্বর শাখায় বন্ধ ট্রেন চলাচল

হাওড়ায় ফের সিগন্যাল বিভ্রাট, ব্যান্ডেল ও তারকেশ্বর শাখায় বন্ধ ট্রেন চলাচল

সময় কলকাতা ডেস্ক, ২৭ মার্চঃ  হাওড়ায় ফের সিগন্যাল বিভ্রাট। সিগন্যালিংয়ের সমস্যার কারণে সাতসকালে ভোগান্তির মুখে যাত্রীরা। দীর্ঘক্ষণ ব্যাহত ট্রেন চলাচল। জানা গিয়েছে, হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা ও বের হওয়া বন্ধ হয়ে যায়। ফলে আপ এবং ডাউন লাইনের ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। এই ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ব্যান্ডেল থেকে হাওড়াগামী লোকাল ট্রেনগুলি। হাওড়ায় সিগন্যাল সংক্রান্ত এই সমস্যার প্রভাব পড়েছে তারকেশ্বর শাখাতেও। জানা গিয়েছে, সকাল ৬.২০ নাগাদ ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছনর সময় ঘটনাটি ঘটে। এর ফলে হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকা ও বের হওয়া বন্ধ হয়ে যায়। তবে, এখন ট্রেন চলাচল স্বাভাবিক বলেই জানা গিয়েছে।  

আরও পড়ুন    Indian Football Team: ঘরের মাঠে এগিয়ে গিয়েও দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে হার ভারতের

এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘ সিগন্যাল সারানোর কাজ শুরু হয়েছে। সাড়ে সাতটা নাগাদ হাওড়ায় সিগনালের সমস্যার সমাধান করা গিয়েছে।’ প্রসঙ্গত, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল ও তারকেশ্বর শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনভর প্রচুর মানুষের যাতায়াত এই লাইনে। এদিনের পরিস্থিতির জন্য রেল কর্তৃপক্ষকেই দুষছেন যাত্রী সাধারণের একাংশ। এর আগে মঙ্গলবারই সিগন্যালিংয়ের সমস্যার কারণে শিয়ালদা দক্ষিণ শাখায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। শিয়ালদা স্টেশনে আটকে ছিলেন বহু যাত্রী। ফলে গন্তব্যে পৌঁছতে খুবই ভোগান্তির সম্মুখীন হতে হয় যাত্রীদের। যদিও পৌনে তিনটে নাগাদ ফের চালু হয় ট্রেন পরিষেবা।

সপ্তাহের কাজের দিনে, এই ট্রেন বিভ্রাটের জেরে ব্যাপক অসুবিধায় পড়তে হয় যাত্রীদের। রেল সূত্রে জানা গিয়েছে, সিগন্যালিংয়ের সমস্যার কারণে মঙ্গলবার দুপুরের দিকে প্রায় ঘণ্টাখানেক বন্ধ হয়ে যায় শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল। শিয়ালদা স্টেশন থেকে দীর্ঘক্ষণ দক্ষিণ শাখায় ছাড়েনি কোনও ট্রেন। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েন কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ডহারবার, সোনারপুর, ক্যানিং, যাদবপুর, ঢাকুরিয়া সহ শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক রুটের যাত্রীরা। যদিও রেলের দাবি, ঘটনার পরই তড়িঘড়ি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। ট্রেন লাইনে সিগন্যালের মেরামতি করার কারণেই কিছুটা বেশি সময় লেগেছে।

#BandelHowrahLocalTrain

#latestbengalinews

About Post Author