Home » Indian Football Team: ঘরের মাঠে এগিয়ে গিয়েও দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে হার ভারতের

Indian Football Team: ঘরের মাঠে এগিয়ে গিয়েও দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে হার ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ মার্চ: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ধাক্কা ভারতের। অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে হেরে গেল ইগর স্টিমাচের ছেলেরা। নিজের ১৫০ তম ম্যাচে গোল করলেন সুনীল ছেত্রী। সেই গোলেই প্রথমার্ধের বিরতিতে যাওয়ার সময় ১ গোলে এগিয়ে ছিল ভারত। কিন্তু শেষ রক্ষা হল না। দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করে হারতে হল ভারতকে।

ঘরের মাঠে ম্যাচ। বিপক্ষের প্রথম দলের কোনও ফুটবলার নেই। প্রথমার্ধে সুনীলের গোলে এগিয়ে যাওয়া। বিশ্বকাপের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হলে এরকম সুযোগকে কাজে লাগাতে হত ভারতকে। কিন্তু তারা পারলেন কই? গুয়াহাটির ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে খেলা শুরুর বাঁশি বাজার পর ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়েছিল ভারত। একের পর এক আক্রমণে স্বাগতিকরা চাপ বাড়াতে থাকে পাঠানদের রক্ষণে। খেলা শুরুর ঠিক ৩ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত ভারত। ব্রেন্ডনের বাড়ানো পাস থেকে সুনীলের শট বাঁচিয়ে দেন আফগান গোলরক্ষক। ফিরতি বলে গোল করার সুযোগ ছিল। কিন্তু মনবীরের শট উড়ে যায় বারের অনেকটা উপর দিয়ে। ভারতের প্রাথমিক আক্রমণের চাপ দ্রুত সামলিয়ে নেয় আফগানরা। পাল্টা তারাও কয়েকটা আক্রমণ তুলে আনেন ভারতের বক্সে। কিন্তু সেই আক্রমণগুলি সফল হয়নি। ৩৬ মিনিটে নিজেদের বক্সের মধ্যে বল হাতে লাগিয়ে ফেলেন আমিরি। পেনাল্টি পায় ভারত। গোল করতে ভুল করেননি অধিনায়ক সুনীল ছেত্রী। নিজের ১৫০ তম ম্যাচেও গোল পেলেন তিনি। আন্তর্জাতিক স্তরে মোট ৯৪ গোলের মালিক হলেন সুনীল। বিরতির আগেই ১-০ গোলে এগিয়ে গেল ভারত।

আরও পড়ুন: Mohun Bagan: মোহনবাগান মুম্বই সিটি এফসি ম্যাচের সময়সূচিতে বড় বদল, কখন শুরু হবে খেলা?

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের ব্যবধান দ্বিগুণ করতে পারত ভারত। ব্রেন্ডনের সাজিয়ে দেওয়া বল থেকেও গোল করতে ব্যর্থ হন মনবীর। দুই অর্ধে দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন মোহনবাগান ফরওয়ার্ড। সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হয় ভারতকে। ৭০ মিনিটে রহমত আকবরি আফগানদের সমতায় ফেরান। বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো শট রাহুল ভেকের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ৭৬ মিনিটে দলের অবধারিত পতন আটকে দেন গুরপ্রীত। তবে ৮৮ মিনিটে একটা মারাত্মক ভুল করে বসেন। বিপক্ষের এক ফুটবলারকে বক্সের মধ্যে ফাউল করেন। পেনাল্টি পায় সফরকারী দল। পেনাল্টি থেকে গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান শরিফ মুখাম্মাদ। খেলার বাকি সময়ে সেই গোল আর শোধ করতে পারেনি ভারত।

About Post Author