সময় কলকাতা ডেস্ক,৩১ মার্চ : ভারতে দুরন্ত গতি সম্পন্ন ফাস্ট বোলারের একান্ত অভাব এরকম একটা কথা চালু আছে। জাভাগাল শ্রীনাথ এই মিথ প্রথম ভেঙেছিলেন, পরে আরও কিছু ফাস্ট বোলার ভারতের মাটি থেকে উঠে এসেছেন। বর্তমান প্রজন্মে যশপ্রীত বুমরাহ বা মহম্মদ সামি-রা পেস বোলিংয়ে দারুণ সফল হলেও তাঁরা সুপার ফাস্ট নন। তাঁরা কেউ ঘন্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করেন না। উমরান মালিক গতিসম্পন্ন বল করেও নিশানায় অভ্রান্ত থাকতে না পারায় তাঁকে নিয়ে আর আলোড়ন পড়ে না। এবার তাঁর গতির জন্য আলোড়ন ফেললেন একুশ বছরের এক ভারতীয় তরুণ। অভিষেক লগ্নেই ১৫৫ কিলোমিটারের ওপরে গতিতে ফাস্ট ও বাউন্সের সংমিশ্রণ ঘটালেন তাঁর বলে । অভিষেকেই উইকেট টু উইকেট বল করে নাভিশ্বাস তুলে দিলেন বিপক্ষের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাটসম্যানদের। এবারের আইপিএলের সবচেয়ে দ্রুততম বলের রেকর্ড গড়লেন মায়াঙ্ক যাদব নামের এই তরুণ । কে এই মায়াঙ্ক যাদব ?
প্রথম ম্যাচেই শনিবার লখনউয়ের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে পাঞ্জাব কে হারিয়ে জিতল লখনউ। আইপিএলের একাদশ ম্যাচে লখনউয়ের জেতার চেয়েও বেশি নজর কেড়ে নিলেন লখনউয়ের হয়ে খেলতে নামা ২১ বছরের তরুণ ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব। এবারের আইপিএলে বোলিংয়ে আগুনের গোলা ছোটানো মায়াঙ্ক রেকর্ড গড়লেন দ্রুততম বোলিংয়ের। ১৫৫ কিলোমিটারের বেশি গতিতে বল করলেন মায়াঙ্ক যাদব। সাড়া ফেলে দেওয়া তরুণ মায়াঙ্ক যাদব আচমকা কোথা থেকে ধুমকেতুর মত উদয় হলেন?
দিল্লির বাসিন্দা মায়াঙ্ক যাদব ২০২২ সালে ভারতের ঘরোয়া ক্রিকেটে অভিষেক ঘটান। দিল্লির হয়ে মনিপুরের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক তাঁর ।তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে অভিষেক হয় দিল্লির হয়েই মহারাষ্ট্রের বিপক্ষে । এই ম্যাচে ১৭.২ ওভার বল করে ৪৬ রানে দুটি উইকেট পেয়েছিলেন তিনি। দেওধর ট্রফিতেও সাড়া জাগান তিনি। রাহুল ত্রিপাঠীর স্টাম্প একটি দুর্দান্ত গতির বলে ছিটকে দেন। লখনউ সুপার জায়ান্ট ২০২৩ সালে আইপিএলে তাকে কুড়ি লাখ টাকায় কিনে নেয়। চোট আঘাতের কারণে প্রথম মরশুমে খেলা হয় নি তাঁর। ২০২৪ সালে লখনউয়ের দ্বিতীয় ম্যাচে ধুমকেতুর মতই আবির্ভাব ঘটল মায়াঙ্ক যাদবের। টানা ১৫০ কিলোমিটারের ওপরে গতিতে বল করার দক্ষতার পাশাপাশি চোখে পড়েছে তাঁর নিশানায় অভ্রান্ত থাকার ক্ষমতা।
2024 IPL মরশুমে মায়াঙ্ক যাদবের আবির্ভাব ঘটল একাদশ ম্যাচে। এবারের প্রথম দশটি ম্যাচে সবচেয়ে দ্রুততম বল করেছেন রাজস্থানের নান্দ্রে বার্গার। বার্গারের ১৫৩ কিলোমিটার গতির বোলিংকে পেছনে ফেলে ১৫৫ কিলোমিটার গতিতে বল করলেন লখনউয়ের মায়াঙ্ক। তাঁর দ্রুততম বল ১৫৫.৮ কিলোমিটার। তাঁর বলটি এবারের আইপিএলের দ্রুততম, সর্বকালের আইপিএল ইতিহাসে দ্রুততম বলের তালিকায় পঞ্চম। দ্রুততম বলটি করেছিলেন শন টেট ২০১১ সালে। দেখে নেওয়া যাক এই তালিকা।
- 157.7 kph – শন টেট
- 157.3 kph – লকি ফার্গুশন
- 157.0 kph – উমরান মালিক
- 156.2 kph – অনরিচ নোকিয়া
- 155.8 kph- মায়াঙ্ক যাদব
অভিষেকে তিনটি উইকেট পেয়েছেন মায়াঙ্ক। চার ওভারে দিয়েছেন মাত্র ২৭ রান।প্রথম শিকার জনি বেয়ারস্টো। প্রভসিমরণ এবং জিতেশ শর্মাও তাঁর পেসের জন্য উইকেট খোয়ান। মায়াঙ্ক যাদব ম্যাচশেষে জানালেন, তিনি চেয়েছেন লাইন লেংথে অভ্রান্ত থেকে ফাস্ট বল করতে, অধিনায়ক তাঁকে গতিতে বল করতেই বলেছিলেন তবে স্লোয়ারের কথা তাঁর মাথায় আছে। ভবিষ্যতে তিনি বলে ভেরিয়েশন আনার চেষ্টা করবেনও। মায়াঙ্ক জানেন, একটি ম্যাচে সাফল্য শেষ কথা হতে পারে না। ধারাবাহিকতা ও বৈচিত্র্য রাখতে হবে তাঁকে।এখন দেখার ভবিষ্যতে তিনি ভারতের সম্পদ হয়ে ওঠার মত জায়গায় পৌঁছতে তিনি পারেন কিনা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার