স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ এপ্রিল: উয়েফা ইউরোপা লিগে বড় ধাক্কা লিভারপুলের। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠে হারল য়ুর্গেন ক্লপের ছেলের। বৃহস্পতিবার রাতে ইতালির ক্লাব আটলান্টার বিরুদ্ধে ০-৩ গোলে হারতে হল তাদের। ইতালির ক্লাবের হয়ে জোড়া গোল করেন জিয়ানুলকা স্কামাকা। ইউরোপা লিগের অন্য তিনটি ম্যাচে জয় পেয়েছে বেনফিকা, এএস রোমা ও লেভারকুসেন।

মরশুম শেষেই লিভারপুলকে বিদায় জানাবেন কোচ য়ুর্গেন ক্লপ। গত কয়েক বছরে লিভারপুলের হয়ে প্রায় সব ট্রফি পেলেও অধরা ছিল ইউরোপা কাপ। তাই বিদায়ী মরশুমে এই খেতাব জয়ের স্বাদ পেতে চেয়েছিলেন জার্মান কোচ। কিন্তু কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে অনামী আটলান্টার বিরুদ্ধে ধাক্কা খাবেন তা কল্পনাও করতে পারেননি তিনি। ম্যাচের আগাগোড়া রাশ নিজেদের দখলে রেখেও বড় ব্যবধানে হারতে হল লিভারপুলকে। ৭১ শতাংশ বল এদিন ছিল মহম্মদ সালাহ, ডারউইন নুনেজদের দখলে। কিন্তু ফুটবলে শেষ কথা বলে গোল। সেই গোলের দেখাই পেল না ইংল্যান্ডের ক্লাবটি। ধারাবাহিকভাবে এই মরশুমে গোলের সহজ সুযোগ হেলায় হারাচ্ছেন দলের প্রধান স্ট্রাইকার ডারউইন নুনেজ। এই ম্যাচেও তার অন্যথা হয়নি। হার্ভে এলিয়টের একটি শট পোস্টে লেগে না ফিরলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। অন্যদিকে প্রতি আক্রমণে কাজের কাজ করে গেল আটলান্টা। বিরতির ৭ মিনিট আগে গোল পেয়ে যায় ইতালির ক্লাবটি। গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন জিয়ানুলকা স্কামাকা। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে তার করা গোলেই ব্যবধান দ্বিগুণ করে আটলান্টা। নির্ধারিত সময়ের দশ মিনিট আগে লিভারপুলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মারিও পাসালিক। আগামী ১৯ এপ্রিল ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুটি দল। সেমিফাইনালে পৌঁছতে লিভারপুলকে ৪ বা তার বেশি গোলের ব্যবধানে জিততে হবে।
https://twitter.com/EuropaLeague/status/1778527834325282852
আরও পড়ুন: IPL 2024: বুমরা-ঈশান-সূর্য, ত্রিফলায় ভর করে কোহলির বেঙ্গালুরুকে হারাল হার্দিকের মুম্বই
ইউরোপা লিগে লিভারপুল হারলেও বাকি বড় দলগুলি জয় পেয়েছে। ঘরের মাঠে পর্তুগালের ক্লাব বেনফিকা হারিয়ে দিয়েছে ফরাসি ক্লাব মার্সেইকে। বেনফিকা জিতেছে ২-১ গোলে। বেনফিকার হয়ে গোল দুটি করেন রাফা সিলভা ও অ্যাঞ্জেল ডি মারিয়া। ফ্রান্সের হয়ে একটি গোল শোধ করেন অবামেয়াং। আর একটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয় ইতালির দুটি দলের মধ্যে। সেখানে এসি মিলানকে তাদের ঘরের মাঠে রোমা হারিয়েছে ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন জিয়ানুলকা মানচিনি। অন্য একটি ম্যাচে ইংল্যান্ডের ক্লাব ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারিয়েছে জার্মানির বায়ার্ন লেভারকুসেন। জোনাস হোফম্যান ও ভিক্টর বোনাফেস গোল করেছেন জয়ী দলের পক্ষে।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত