স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ এপ্রিল: লিগ শিল্ডের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giants)। এই পরিস্থিতিতে কান্তিরাভায় শুধু বেঙ্গালুরু এফসিকে দুরমুশ করল সবুজ মেরুন ব্রিগেড। সুনীলদের বিরুদ্ধে জয় এল ৪-০ গোলে। সহজ সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়তে পারতেন পেত্রাতোস, সাদিকুরা।

প্রথমত ডু অর ডাই ম্যাচ। দ্বিতীয়ত শারীরিক অসুস্থতার কারণে বেঞ্চে ছিলেন না আন্তোনিও লোপেজ হাবাস। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসিকে তাদের ঘরের মাঠে চূর্ণ করল মোহনবাগান। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকেই বিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে থাকেন সাদিকু, পেত্রাতোসরা। প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ১৭ মিনিট পর্যন্ত। পেত্রাতোসের কর্নার থেকে ডান পায়ে শট নেন হেক্টর উতসে। সেই শট পোস্টে লেগে ফিরলে চলতি বলে বাঁ পায়ের ভলিতে গোল করেন তিনি। প্রথম গোলের ঠিক দু’মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়ে যায় মোহনবাগান। মাঝমাঠ থেকে আউট স্টেপ দিয়ে ডিফেন্স চেরা পাস বাড়ান জনি কাউকো। অরক্ষিত সাদিকু সেই পাস থেকে গোল করতে পারেননি। তার শট বারের অনেকটা উপর থেকে চলে যায় মাঠের বাইরে। ৩৯ মিনিটে খেলায় ফেরার সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু এফসি। বক্সের মধ্যে সুনীল ছেত্রীকে ফাউল করেন আনোয়ার। পেনাল্টি দেন রেফারি। কিন্তু পেনাল্টি থেকে দলের সমতাসূচক গোলটি করতে ব্যর্থ হন বেঙ্গালুরু অধিনায়ক। সুনীলের শট ক্রলবারে প্রতিহত হয়। বিরতির সময় ১-০ গোলে এগিয়ে ছিল মোহনবাগান।
A firecracker of a second-half in #BFCMBSG sees @mohunbagansg take the #ISL10 League Shield race right to the last game! ????????#ISL #LetsFootball #BengaluruFC #MBSG | @Sports18 pic.twitter.com/jRlHFkFodJ
— Indian Super League (@IndSuperLeague) April 11, 2024
এক গোলের ব্যবধান নিরাপদ নয়। তাই দ্বিতীয়ার্ধের শুরু থেকে দ্বিতীয় গোলের লক্ষ্যে ঝাঁপায় মোহনবাগান । ৫১ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন মনবীর সিং। বাঁ প্রান্ত ধরে বল নিয়ে উঠে গোল করেন তিনি। গোলের বলটি তাঁকে বাড়িয়েছিলেন কাউকো। দ্বিতীয় গোলের চার মিনিটের মাথায় তৃতীয় গোলের দেখা পেয়ে যায় সবুজ-মেরুন। বক্সের বাইরে থেকে দূরপাল্লার গড়ানে শট নেন কাউকো। সেই শট বাঁচিয়ে দেন গুরপ্রীত। কিন্তু বলকে বিপদমুক্ত করতে পারেননি। সেই বলের দখল পেয়ে যান পেত্রাতোস। তিনি গুরপ্রীতকে কাটিয়ে পাস দেন গোলের সামনে অরক্ষিত অনিরুদ্ধ থাপাকে। গোল করতে ভুল করতে ভুল করেননি তিনি। ৫৮ মিনিটে চতুর্থ গোলের দেখা পায় কলকাতার অন্যতম প্রধান ক্লাব। বল নিয়ে বেঙ্গালুরুর বক্সে ঢুকে পাস বাড়ান মনবীর। সেই পাস পেয়ে ফাঁকা গোলে বল জড়িয়ে দেন সাদিকু। ৭১ মিনিটে মনবীরের শট পোস্টে লেগে না ফিরলে ৫-০ গোলে এগিয়ে যেত মোহনবাগান।
আরও পড়ুন: IPL 2024: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ বলে ম্যাচ জিতল গুজরাট টাইটান্স
এই জয়ের ফলে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট পেয়ে লিগ তালিকার দু’নম্বরে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে মুম্বই সিটি এফসি। আগামী ১৫ এপ্রিল কলকাতায় ঘরের মাঠে মুম্বইয়ের মুখোমুখি হবে মোহনবাগান। সেই ম্যাচে জিতলে প্রথমবারের জন্য লিগ শিল্ড ঘরে তুলবে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার