Home » BCCI: দ্রাবিড় জমানার অবসান, রোহিতদের হেড স্যার নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়ার পথে বোর্ড

BCCI: দ্রাবিড় জমানার অবসান, রোহিতদের হেড স্যার নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়ার পথে বোর্ড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ মে: ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় জমানার অবসান কি আসন্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই জোর গুঞ্জন ক্রিকেট মহলে। জানা গিয়েছে, আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই নতুন কোচের জন্য বিজ্ঞাপণ দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। চাইলে আবেদন করতে পারবেন বিদায়ী কোচ দ্রাবিড়ও।

গতবছর দেশের মাটিতে বিশ্বকাপ শেষ হতেই দ্রাবিড়-সহ ভারতীয় দলের কোচিং প্যানেলের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু চলতি বছর টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে চুক্তির মেয়াদ বাড়ানো হয়। নতুন চুক্তির মেয়াদ ২০২৪ সালের জুন মাস পর্যন্ত। বোর্ড সূত্রে খবর, মেয়াদ শেষের আগেই নতুন কোচ নিয়োগে উদ্যোগী বিসিসিআই। বিশ্বকাপ শুরুর আগেই রোহিত শর্মাদের পরবর্তী কোচ খোঁজার কাজটিও শুরু করে দিল তারা। নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “দ্রাবিড়-সহ বাকি কোচদের চুক্তির মেয়াদ শেষ হবে জুন মাসের পরে।  তারপর  তিনি চাইলে কোচ হওয়ার জন্য আবেদন করতে পারেন।”

আরও পড়ুন: Optical Illusion: আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কী ব্যোমকেশ বক্সীর মত, ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বার করুন

আরও পড়ুন: Indian National Football Team: বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে, জাতীয় দল থেকে নাম তুলে নিলেন তারকা মিডফিল্ডার

কে বসতে চলেছেন ভারতীয় দলের কোচের আসনে? ক্রিকেট মহলের একাংশের ধারণা কোনও বিদেশি কোচকে এবার ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হতে পারে। প্রসঙ্গত, ভারতীয় দলের শেষ বিদেশি কোচ ছিলেন ডানকান ফ্লেচার। ২০১১ সালের জানুয়ারি মাসে গ্যারি কার্স্টেনের ছেড়ে যাওয়া কুর্সিতে বসেছিলেন তিনি। তার প্রশিক্ষণে টানা আট সিরিজে অপরাজিত ছিল ভারত। ২০১৩ সালে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল তার প্রশিক্ষণে। ২০১৫ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ভারতের বিদায় নেওয়ার পর তার সঙ্গে আর চুক্তি নবীকরণ করতে আগ্রহ দেখায়নি বোর্ড। উল্লেখযোগ্য তার প্রশিক্ষণে শেষবারের জন্য আইসিসির কোনও ট্রফি জিতেছিল ভারত। তারপর আর কোনও বিদেশি কোচকে ভারতীয় দলের হেড স্যারের পদে বসানো হয়নি। তবে সিএসি চাইলে এ বার রোহিতদের কোচ হিসেবে কোনও বিদেশীকে দেখা যেতেই পারে।

About Post Author